মিয়ানমারে নিষেধাজ্ঞা বহাল রাখছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন ক্ষমতাবলে মিয়ানমারের ওপর আরো এক বছরের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখার পদক্ষেপ নিয়েছেন।
হোয়াইট হাউজ গত শুক্রবারই কংগ্রেসকে জানিয়েছে, মিয়ানমারে গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতির পরও জাতিগত সংখ্যালঘু এলাকাগুলোসহ রাখাইন রাজ্যে সংঘর্ষ এবং মানবাধিকারের অপব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ বিরাজ করছে।
মিয়ানমারে জাতিগত সহিংসতার শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমের বিপজ্জনক সাগরপথ পাড়ি দেয়া নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ এবং আন্দামান সাগরে নৌকায় ভাসতে থাকা এইসব মানুষের দুর্দশা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক নিন্দা-সমালোচনার মধ্যে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নিষেধাজ্ঞা বহাল রাখার এ ঘোষণা দিল।
২০১২ সালে মিয়ানমার সামরিক শাসন থেকে বেরিয়ে আসার সময় বেশকিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র। কিন্তু কিছু কোম্পানি এবং ব্যক্তিবর্গের সঙ্গে ব্যবসার ওপর নিষেধাজ্ঞা বহাল ছিল।
