কোমায় বন্দি ৪২ বছরের অবসান ধর্ষিতা অরুণার
ধর্ষণের শিকার হয়ে ৪২ বছর কোমায় থাকার পর মারা গেলেন মুম্বাইয়ের হাসপাতালের সেবিকা অরুণা শানবাগ।
মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের নার্স অরুণা ১৯৭৩ সালে ওই হাসপাতালেরই এক পরিচ্ছন্নতাকর্মীর ধর্ষণের শিকার হন। মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তখন থেকেই তিনি সংজ্ঞাহীন।
হাসপাতালে নাকে নল দিয়ে তরল খাবার খাইয়ে অরুণাকে এতোদিন বাঁচিয়ে রাখা গেলেও দিন ছয়েক আগে তার নিউমোনিয়া হয়। এরপর কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলে।
সোমবার হাসপাতালের চিকিৎসকরা ৬৮ বছর বয়সী অরুণাকে মৃত ঘোষণা করেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অরুণা যখন নির্যাতনের শিকার হন, সে সময় তার বয়স ২৬ বছর। তিনি ছিলেন কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের জুনিয়র নার্স।
ভরত বাল্মিকী নামের এক ওয়ার্ড বয় কুকুর বাঁধার শেকলে আটকে অরুণার ওপর পাশবিক নির্যাতন চালায়। অক্সিজেন চলাচলে ঘাটতি তৈরি হওয়ায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় অরুণার মস্তিষ্ক।
১১ ঘণ্টা পর হাসপাতালের বেইজমেন্টে গলায় শেকল বাধা অরুণাকে পাওয়া যায় অচেতন অবস্থায়।
এনডিটিভি লিখেছে, হাসপাতালের তত্ত্বাবধানে থাকা পশুপাখির জন্য রাখা খাবার চুরি করায় বাল্মিকীকে বকেছিলেন অরুণা। সে কারণে তাকে ধর্ষণের শিকার হতে হয়। কিন্তু শেষ পর্যন্ত বাল্মিকীর বিচার হয় চুরির জন্য, ধর্ষণের জন্য নয়।
ভারতের সাবেক সাংবাদিক ও লেখিকা পিংকি ভিরানী চলতি শতকের শুরুতে কোমায় আচ্ছন্ন অরুণার নিষ্কৃতি-মৃত্যুর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সরা পিংকির ওই আবেদনের বিরোধিতা করেন। ২০১১ সালের মার্চে ভারতের আদালত ওই আবেদন খারিজ করে দেয়।
কোমায় বন্দি এই নার্সের জীবন নিয়ে ১৯৯৮ সালে প্রকাশিত হয় পিংকি ভিরানীর ‘অরুণাস স্টোরি’। অরুণাকে নিয়ে মারাঠি ভাষায় একটি নাটকও মঞ্চস্থ হয়েছে।
