২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের তায়িজে রাতভর লড়াইয়ে নিহত ১০

ইয়েমেনের তায়িজ শহরে শিয়া হুতি বিদ্রোহী ও সুন্নি বেসামরিক বাহিনীর মধ্যে রাতভর লড়াইয়ে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 May 2015, 03:15 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

রোববার সকালে এ খবর জানিয়েছেন তায়িজের বাসিন্দারা ও স্থানীয় মেডিকেল সূত্রগুলো। 
 
খাবার, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুযোগ দিতে মঙ্গলবার ভোর থেকে ইয়েমেনে পাঁচদিনের মানবিক যুদ্ধবিরতি চলছিল। রোববার ভোরে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই তায়িজে বিবদমান পক্ষগুলোর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। 
 
এছাড়া শনিবার রাতে দালেয়া শহরেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সেখানে কেউ হতাহত হয়েছে কীনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  
 
ইয়েমেনের ক্ষমতাচ্যুত সুন্নি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করতে চলতি বছরের ২৬ মার্চ ভোর থেকে দেশটির হুতি বিদ্রোহীদের লক্ষ করে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী। টানা দেড় মাস ধরে হামলা চালানোর পর মানবিক ত্রাণের জন্য বিমান হামলা বন্ধ রেখে যুদ্ধবিরতিতে যায় সুন্নি আরব বাহিনীর জোট। 
 
অপরদিকে হুতি বিদ্রোহী ও তাদের সহযোগী ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহর সালেহর অনুগত সেনাবাহিনীর অংশটিও যুদ্ধবিরতিতে রাজি হয়। 
 
যুদ্ধবিরতি শেষে ইয়েমেনের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সম্মেলনের ডাক দিয়েছে নির্বাসিত হাদি সরকার। হুতি বিদ্রোহীরা ও প্রেসিডেন্ট সালেহর অনুগত যোদ্ধারা এ ডাক প্রত্যাখ্যান করেছে। 
 
এতে ইয়েমেনের লড়াই বন্ধ করে শান্তির সম্ভাবনা সৃষ্টিতে ওই সম্মেলন কোনো ভূমিকা রাখতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।