২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জ্যেষ্ঠ আইএস নেতা নিহত: যুক্তরাষ্ট্র

সিরিয়ার পূর্বাঞ্চলে আমেরিকার বিশেষ অভিযান বাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন বলে দাবি হোয়াইট হাউজের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 May 2015, 10:08 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

শনিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামা ওই অভিযানের নির্দেশ দেন। শুক্রবার রাতভর চলা অভিযানে আবু সায়াফ নামে আইএস’র একজন জ্যেষ্ঠ নেতা নিহত হন। সায়াফ আইএস’র তেল, গ্যাস ও অর্থনৈতিক বিষয়ে সরাসরি সাহায্য করতেন।

অভিযানে সায়াফের স্ত্রী উম্ম সায়াফকে আটক করা হয়েছে। এখন তিনি ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আটক আছেন।

এই প্রথম যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ঘোষণা দিয়ে সিরিয়ায় অভিযান চালাল। এর আগে আইএস’র হাতে বন্দি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জিম্মিদের উদ্ধারে এই বাহিনী গোপনে অভিযান চালিয়েছিল। 

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পর্ষদের মুখপাত্র বের্নাডেট মীয়ান এক বিবৃতিতে বলেন, সিরিয়ার পূর্বাঞ্চলের আল-আমর এলাকায় অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা ইরাকে অবস্থিত তাদের ঘাঁটি ছেড়েছেন।

“অভিযান চলাকালে আবু সায়াফ নিহত হন। প্রেসিডেন্টের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে।” 

‘ইরাকী কর্তৃপক্ষের পূর্ণ সম্মতিতে’ এবং ‘আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের কোনো ধরণের লঙ্ঘন না করে’ এই অভিযান চালানো হয়েছে বলেও জানান মীয়ান।

তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে এ অভিযানের ব্যাপারে আগে থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের পক্ষ থেকে আবু সায়াফের মৃত্যুর খবর দেওয়ার কিছুক্ষণ আগেই সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, সিরিয়ার সেনাবাহিনী আইএস নেতা আবু আল-তাইম আল-সাউদিকে হত্যা করেছে। আল-সাউদি জঙ্গি সংগঠনটির তেল সম্পর্কিত বিষয়গুলো দেখাশুনা করতেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার বলেন, আবু সায়াফ ও তার স্ত্রীকে ধরার জন্যই এই অভিযান পরিচালিত হয়েছে।

সায়াফের স্ত্রী আইএস’র ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন’ করতেন।

অভিযান চলাকালে যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়াজিদি সম্প্রদায়ের একজন তরুণীকে মুক্ত করে দেন বলে জানান মীয়ান।

“খুব সম্ভবত ওই তরুণী সায়াফ দম্পতির দাসী হিসেবে কাজ করতেন।”

এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোন সেনা সদস্য হতাহত হননি বলেও জানান মীয়ান।