২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছরে ক্লিনটন দম্পতির আয় ৩ কোটি ডলার

২০১৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলার ক্লিনটন অন্ততপক্ষে তিন কোটি মার্কিন ডলার আয় করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 May 2015, 03:06 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

এই আয়ের সিংহভাগ আড়াই কোটি ডলার আয় হয়েছে দুজনের দেয়া ১০০টি বক্তৃতা থেকে। যুক্তরাষ্ট্র সরকারের দেয়া বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। 
 
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান হিলারি। ডেমক্রেটিক পার্টির মনোয়ন লাভের দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে আছেন। 
 
জুনে প্রকাশ হওয়া তার নিজের লেখা বই ‘হার্ড চয়েজেস’র রয়্যালিটি হিসেবে হিলারি ৫০ লাখ ডলার আয় করেছেন।
 
সরকারি তথ্যানুযায়ী, ক্লিনটন দম্পতির এই আয় তাদের যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীদের, যা মোট জনসংখ্যার দশমিক এক শতাংশ, কাতারে নিয়ে গেছে। 
 
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ফাস্ট লেডি ও সিনেটর হিলারি ২০১৩ সালের ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে অবসর নেয়ার পর থেকে বক্তৃতা প্রতি আড়াই লাখ ডলার করে আয় করেছেন। 
 
২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির ধনবৈষম্য একটি ইস্যু হয়ে উঠছে। রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে ‘এক শতাংশ’ একটি মূল আলোচনার বিষয়ে পরিণত হচ্ছে। ধনী-গরিবের সম্পদের ব্যবধান নিয়ে রাজনৈতিক পদ প্রত্যাশীদের মনোযোগ দিতে হচ্ছে ও কথা বলতে হচ্ছে। 
 
এই পরিস্থিতিতেই চলতি বছরের এপ্রিলে নিজের প্রার্থীতার ঘোষণা দিয়েছেন হিলারি। ঘোষণায় তিনি বলেছেন, “প্রতিদিনের আমেরিকানদের একজন চ্যাম্পিয়ন প্রয়োজন, আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই।” 
 
আগাম শুরু করা নির্বাচনী প্রচারণায় হিলারি বলেছেন, মধ্যবিত্তদের জন্য সুযোগ-সুবিধা সংকুচিত হয়ে এসেছে বলে তিনি মনে করেন। তাই তিনি সবকিছু ঢেলে সাজাতে চান। 
 
হিলারিসহ ১৫ এপ্রিলের আগে প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নে যারা প্রচারণায় নেমে পড়েছেন তাদের সবাইকে ১৫ মে-র মধ্যে ব্যক্তিগত আয়ের বিবরণী জমা দিতে হয়েছে। এই আয় বিবরণী গণমাধ্যমের কাছেও পাঠিয়েছে হিলারির প্রচার বিভাগ।