২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবান-বিরোধী ব্যাপক অভিযান শুরু

পাকিস্তানে তালেবানদের সর্বশেষ শক্ত ঘাঁটি উত্তর ওয়াজিরিস্তানে ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 09:12 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

শুক্রবার ভোর থেকেই শাওয়াল ভ্যালির গিরিখাতের ঘন জঙ্গলে পাকিস্তানের জঙ্গি বিমান বোমা হামলা শুরু করে। রয়টার্স জানায়, হামলায় ৬ থেকে ১৫ জনের মতো জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সেনা অভিযান বিষয়ে সরকারি এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “শাওয়াল পাহাড় ও এর আশেপাশের এলাকায় তালেবান জঙ্গি ও তাদের মিত্র অন্যান্য জঙ্গি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু হয়েছে।”

উত্তর ওয়াজিরিস্তানের অধিকাংশ অঞ্চল পাকিস্তানের তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল।ম জুনে পাকিস্তান সরকার সেখানে সেনা অভিযান শুরু করলে কিছুটা পিছু হটে তালেবান জঙ্গিরা। তবে এখনো শাওয়াল ভ্যালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে জঙ্গি দলটি।

একই মতাদর্শে কাজ করছে পাকিস্তানি তালেবনা ও প্রতিবেশী দেশ আফগানিস্তানের তালেবান জঙ্গিরা। তারা পাকিস্তানের বর্তমান সরকারকে উৎখাত করে সেখানে ইসলামী শরিয়া মতে দেশ পরিচালনা করতে চায়।

গত বছর নেটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করে। ওই সময় নেটোর পক্ষ থেকে পাকিস্তান সরকারকে আফগান সীমান্তে অবস্থান করা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছিল।  

শুক্রবারের অভিযান সম্পর্কে স্থানীয়রা জানান, ভ্যালির উত্তর ও দক্ষিণে ট্যাঙ্ক ও সেনা সদস্যরা টহল দিচ্ছে। শাওয়াল ভ্যালির টেলিফোন অপারেটর জাইনুল্লাহ বলেন, “সেনা ও অস্ত্র বোঝাই কয়েকশ’ ট্রাক শাওয়াল অভিমুখে আসছে।”

“সেখানে সব জায়গায় রাস্তায় কড়া পাহারা বসানো হয়েছে। কেউ ভেতরে আসতে বা বাইরে যেতে পারছে না। সেখানে পুরোপুরি কারফিউ শুরু হয়ে গেছে। এমনকি টেলিফোন লাইনও কেটে দেয়া হয়েছে।”

বেশ কয়েকজন সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান, জঙ্গিদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া আটকাতে পাকিস্তান সেনাবাহিনী আফগান সরকারকে অনুরোধ করেছে।

জঙ্গিদের কোন ধরনের সাহায্য করা হলে দুই দেশের মধ্যে নতুন করে যে সম্পর্ক শুরু হয়েছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো পক্ষ থেকেই সাড়া পাওয়া যায়নি। ভ্যালি প্রান্তে জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে বলে জানান স্থানীয় একজন বাসিন্দা।

আমরা প্রচণ্ড আতঙ্কে আছি, বিশেষ করে শিশুরা। আমরা এই এলাকা ছেড়ে নিরাপদ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কারণ গত রাতে এখানে ক্রমাগত কামানের গোলা ছোড়া হয়েছে।”