২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরুন্ডিতে অভ্যুত্থান চেষ্টা চালানো ৩ নেতা গ্রেপ্তার

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ বুরুন্ডিতে প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজার বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গ্রেপ্তার হয়েছেন অভ্যুত্থানকারী তিন নেতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 08:48 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

কুরুনজিজাকে উৎখাতের ঘোষণা দেয়ার দু’দিনের মাথায় নেতাদের গ্রেপ্তার হওয়ার এ খবর এল। তবে অভ্যুত্থানের ঘোষক জেনারেল গোডফ্রয়েড নিয়মবেয়ার  এখনো ধরা ছোয়ার বাইরে।

গ্রেপ্তার হয়েছেন অন্য তিনজন নেতা। এদের মধ্যে রয়েছেন বিদ্রোহী জেনারেল এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাইরিল্লে দাইরুকিয়ে।প্রেসিডেন্টের মুখপাত্র গারভাইস আবায়েহো একথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে পাশের দেশ তানজানিয়া সফরে থাকার সময় বেসরকারি একটি টিভি স্টেশন থেকে তাকে উৎখাতের ঘোষণা দেন সেনাবাহিনীর অধিনায়ক ।

প্রেসিডেন্ট অসাংবিধানিকভাবে তৃতীয়বার ক্ষমতায় থাকার চেষ্টা চালানোয় তাকে পদচ্যুত করা হয়েছে বলে জানান জেনারেল গোডফ্রয়েড নিয়মবেয়ার । এরপর একটি অন্তবর্তী সরকার গঠনেরও ঘোষণা দেন তিনি ।

নিরাপত্তামন্ত্রী গ্যাবরিয়েল নিজিগামা বলেছেন, অভ্যুত্থানকারী নেতাদেরকে দেশবাসীর সামনে বলতে হবে যে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং তাদের এ কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা  নিয়ে এর আগে বুরুন্ডিতে বিক্ষোভ হয়েছে। এখন আবার নতুন করে বিষয়টি নিয়ে বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।