ইতালিতে বাংলাদেশির ‘বীরত্বের’ প্রশংসা
ইতালিতে রোমের তাইবার নদীতে ঝাঁপ দিয়ে ডুবন্ত এক নারীকে উদ্ধার করে বীরত্ব দেখিয়েছেন বাংলাদেশি অভিবাসী সবুজ খলিফা (৩২)। পুরস্কার হিসেবে ইতালিতে একবছর বৈধভাবে থাকার অনুমতি পেয়েছেন তিনি।
আত্মহত্যার জন্য পানিতে ঝাঁপ দিয়েছিলেন ৫৫ বছর বয়সী ইসরায়েলি ওই ইহুদি নারী। সাঁতার না জানায় তিনি তলিয়ে যাচ্ছিলেন। সবুজ তা দেখে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন।
সবুজের ইতালিতে থাকার বৈধ কাগজপত্র না থাকলেও তাকে দেশ থেকে বহিষ্কার না করে বরং তার মানবতা ও বীরত্বের সম্মাননায় দেওয়া হয় এক বছরের বৈধতা।
সবুজ ২০০৮ সাল থেকে ইতালিতে আছেন। শুরুতে একটি অস্থায়ী অনুমতিপত্র নিয়ে ইতালিতে প্রবেশ করলেও বহুদিন আগেই তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার তিনি অবৈধ হয়ে যান।
ঘটনার বর্ণনায় সবুজ বলেন, “আমি পানির মধ্যে একটি জিনিস দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম ওটা একটি বড় মাছ। কিন্তু ভালো করে লক্ষ্য করতেই দেখি সেখানে একজন মানুষ। আমি দৌড়ে নদীর তীরে যাই এবং দেখি তিনি স্রোতে ভেসে যাচ্ছেন।
“লোকজন একটি সেতুর উপর থেকে ঘটনাটি দেখছিল। আমি চিৎকার করি এবং তাদের সাহায্যের জন্য ফোন করতে বলি। এরপর আমি নদীতে ঝাঁপ দেই। সময় নষ্ট হবে ভেবে আমি আমার জুতাও খুলিনি। আমি একদম ভয় পাইনি।”
সবুজ একাই ওই নারীকে টেনে পাড়ে তোলেন।
ইতালিতে যাওয়ার পর থেকে বলতে গেলে রাস্তায়ই বাস করে আসছেন সবুজ। তিনি বিভিন্ন রেস্তোরাঁয় ঘুরে ঘুরে গোলাপ ফুল বিক্রি করেন। আর বৃষ্টির দিনে পথচারীদের কাছে ছাতা বিক্রি করেন।
সপ্তাহে সবুজের আয় মাত্র ৫০ ইউরো। আয়ের কিছু অর্থ তিনি দেশে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য পাঠান।
সবুজের এই সাহসীকাণ্ডে রোম কর্তৃপক্ষ দারুণ খুশি। রোমের মেয়র ইগনাজিও ম্যারিনো সবুজকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন।
ইতালির গণমাধ্যমে সবুজ বলেন, “আমি খুবই উৎসাহ পাচ্ছি। আগে কখনো এত খুশি হইনি।”
