২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনল্যান্ডে ‘বেবি বোনাস’ দিয়েও বাড়ছে না জনসংখ্যা

ফিনল্যান্ডের ছোট শহরগুলোতে জনসংখ্যা কমে যাওয়া ঠেকাতে আর্থিক বোনাসসহ নানা ধরনের সুবিধা দিচ্ছে। নতুন বাসিন্দাদের মাত্র এক ইউরোর বিনিময়ে প্লট পর্যন্ত দেয়া হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 03:09 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

বিবিসি বলছে, কোনো কোনো শহরে নতুন পিতা-মাতাকে নগদ অর্থও দেয়া হচ্ছে।

কিন্তু ফিনল্যান্ডের জনগণ ছোট শহরগুলো ছেড়ে বড় শহরমুখী হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই ধারা শুধু বাড়ছেই।

ফিনল্যান্ডের স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষের জোট জানিয়েছে, দেশটির দুইতৃতীয়াংশেরও বেশি ছোট শহরের স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে আকৃষ্ট করতে নামমাত্র অর্থে বড় বড় প্লট ঘোষণা করেও ব্যর্থ হয়েছে। মানুষ তেমন সাড়া দিচ্ছে না।

দম্পতিদের সন্তান গ্রহণ করার জন্য উৎসাহিত করতে অনেক শহরে আকর্ষণীয় আর্থিক বোনাস ঘোষণা করেও তেমন একটা ফল পাওয়া যায়নি। শহরভেদে অর্থের পরিমাণ ভিন্ন।

ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় শহর লেসটিজার্ভিতে নতুন সন্তানের জন্য ১০ হাজার ইউরো বোনাস ঘোষণা করা হয়েছে। অথচ এরপরও শহরটিতে মাত্র ৮১৫ জন অধিবাসী।

ফিনল্যান্ডের স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষের জোট জানিয়েছে, এ ধরনের সুবিধা দিয়েও তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে কিনা সে বিষয়টি ঠিক নিশ্চিত নন তারা।

দেশটির উটাজারভি নামক শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সুবিধা ঘোষণা করেও তারা শহরের জনসংখ্যা বাড়াতে ব্যর্থ হয়েছেন।

শহরটির কর্তৃপক্ষ আরো জানিয়েছে, একদশক ধরে মাত্র এক ইউরো দামে জমির প্লট ঘোষণা করেও জনগণকে তেমন ভাবে আকৃষ্ট করা যায়নি। মাত্র কয়েক ডজন প্লট বিক্রি হয়েছে।

শহরটির জনসংখ্যা মাত্র ২৯০১ জন।