২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রাজিলে গুলিতে নিহতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে’

ব্রাজিলে ২০১২ সালে ৪২ হাজার মানুষ গুলিতে নিহত হয়েছেন। দেশটিতে ৩৫ বছরের মধ্যে আগ্নেয়াস্ত্রকেন্দ্রিক অপরাধে সর্বোচ্চ নিহতের সংখ্যা এটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 11:02 AM

Updated : 12 Oct 2022, 03:41 PM

ব্রাজিলের সহিংসতা সম্পর্কিত জাতিসংঘ ও দেশটির সরকারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে বিবিসি জানিয়েছে।

সর্বসাম্প্রতিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই হত্যাকাণ্ডের শিকার।

নিহতদের অর্ধেকেরও বেশি তরুণ বয়সের। তাদের বয়স ৩০ বছরের নিচে। তাছাড়া নিহতদের দুইতৃতীয়াংশই কৃষ্ণাঙ্গ।

আগ্নেয়াস্ত্র সংগ্রহ বা রাখার ব্যাপারে বিধি-নিষেধ সংক্রান্ত একটি বিতর্কিত বিল নিয়ে ব্রাজিলের কংগ্রেসে বিতর্ক চলছে।

ব্রাজিলের রিও দে জেনেরিও ও সাও পাওলো প্রদেশে আগ্নেয়াস্ত্রকেন্দ্রিক সহিংসতা কমে আসলেও দেশটির উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলে বেড়েছে।

উত্তরাঞ্চলীয় প্রদেশ আলাগোয়াসে সবচে বেশি আগ্নেয়াস্ত্রকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটে। অঞ্চলটিতে গড়ে প্রতি লাখ অধিবাসীর মধ্যে ৫৫ জন আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হন।

প্রতিবেদনটিতে বলা হয়, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, পুলিশি তদন্তে দুর্বলতা এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।

মাত্র সেদিন, ২০০৪ সালে দেশটিতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ এবং বেআইনি অস্ত্র রাখা নিষিদ্ধ করে কঠোর শাস্তির বিধান রেখে আইন করা হয়।