যুক্তরাষ্ট্রের ট্রেন দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতি
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেনটি অতিরিক্ত গতির কারণে লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে পৌঁছেছে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড(এনটিএসবি) জানায়, ওই রেলপথে নির্ধারিত গতি ৫০ মাইল। কিন্তু ট্রেনটি ঘণ্টায় ১০৬ মাইল বেগে যাচ্ছিল।
চালক জরুরি গতি নিয়ন্ত্রক দিয়ে ট্রেনের গতি কমানোর চেষ্টা করলেও তিনি গতি ঘণ্টায় মাত্র ১০২ মাইলে নামিয়ে আনতে পেরেছিলেন। ফলে, ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়।
বোর্ডের কর্মকর্তা রবার্ট সামওয়াল্ট বলেন, স্টেশনটিতে রেল কোম্পানি আমট্র্যাকের ট্রেন চলাচলের জন্য নির্ধারিত গতি নিয়ন্ত্রক ব্যবস্থা যথাযথভাবে কার্যকর ছিল না। থাকলে এ দুর্ঘটনা ঘটত না।
ট্রেনটি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে লাইনচ্যুত হয়। ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চালানোর সময় বুধবার একটি লাশ উদ্ধার হওয়ার পর নিহতের সংখ্যা ৭ জনে পৌঁছেছে।ঘটনার সময় ট্রেনে ২৪০ জনের বেশি যাত্রী ছিল। আহতের সংখ্যা ২শ’র বেশি।
