'পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতায় ‘র' জড়িত'
পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব এজাজ আহমাদ চৌধুরী।
রাজধানী ইসলামাবাদে বৃহস্পতিবার এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি সাংবাদিকদেরকে বলেন, পাকিস্তানজুড়ে নানা সন্ত্রাসী হামলায় ‘র’ জড়িত। এ বিষয়টি কূটনৈতিক চানেলের মাধ্যমে বহুবার ভারতের সর্বোচ্চ মহলকে জানানোও হয়েছে।
পাকিস্তান সামরিক বাহিনীর কোর কমান্ডাররা এবং প্রতিরক্ষামন্ত্রীও এর আগে ‘র’-কে দোষারোপ করে কথা বলেছেন।
তবে পাকিস্তানে সন্ত্রাসের জন্য কর্মকর্তারা বরাবরই ‘র’ কে দায়ী করে আসলেও এ সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ তারা এখনো দেখাতে পারেননি।
২০০৯ সালে মিশরের শার্ম আল শেখ এ ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠকের পর দু’দেশের যৌথ বিবৃতিতে বেলুচিস্তানের বিদ্রোহে ভারতের মদদ দেয়ার বিষয়টি উল্লেখ থাকলেও ইসলামাবাদ এর কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি।
এবছর পাকিস্তান ভারতের প্রতি আরো কঠোর দৃষ্টিভঙ্গি নিয়েছে এবং দেশে সন্ত্রাসে ভারতের জড়িত থাকা নিয়ে বেশিমাত্রায় উদ্বেগ প্রকাশ করছে।
ভারত অবিরাম পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করার কারণেই পাকিস্তান এর জবাবে বেশিমাত্রায় অভিযোগ করছে বলে মনে করা হচ্ছে।
