অভিবাসীদের উদ্ধারের জাতিসংঘ আহ্বানে সাড়া নেই
মানবপাচারের শিকার হয়ে সমুদ্রে ভাসমান হাজার হাজার অভিবাসীকে উদ্ধারের জন্য জাতিসংঘের আহ্বানে নীরব দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ওইসব শরণার্থীদের উদ্ধারের পরিবর্তে বরং তাদের দেশে ঢুকতে না দেয়ারই আভাস দিয়েছে। অভিবাসীবাহী নৌকা মঙ্গলবার সমুদ্রে ফিরিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া।
মানবপাচারের শিকার ওই সব নৌকার অধিকাংশ যাত্রীই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর।
ক্ষুধার্ত ও রুগ্ন অভিবাসী বোঝাই নৌযানগুলো সমুদ্রে ফিরিয়ে দিলে ‘বড় ধরনের মানবিক সঙ্কট’ দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।
থাইল্যান্ড সরকারের মুখপাত্র মেজর জেনারেল উইরাচন সুখনধাপাতিপাক বুধবার রয়টার্সকে বলেন, “আমার জানা মতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সরকার সমুদ্রে ভাসমান এইসব শরণার্থীদের গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।”
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জলসীমায় এখনো প্রায় আট হাজার মানুষ নৌকায় ভাসছে।
তাদের খুঁজে বের করে উদ্ধার করার জন্য ওই তিন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।
এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান উইরাচন।
জাতিসংঘের আশঙ্কা, মানবপাচারের বিরুদ্ধে থাইল্যান্ডে ব্যাপক অভিযান শুরু হওয়ায় মানবপাচারকারীরা শরণার্থীদের সমুদ্রে ফেলে চলে গেছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও জাতিসংঘের আহ্বানে সাড়া দেয়নি। মঙ্গলবার মালয়েশিয়ার নৌবাহিনীর উত্তরাঞ্চলের প্রধান ফার্স্ট এডমিরাল থান কক কিউই বলেছিলেন, “আমরা তাদের (শরণার্থীদের) আমাদের ভূমিতে প্রবেশের অনুমতি দিতে পারি না। এটা একটি নীতিগত বিষয়।”
সোমবার ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রায় পাঁচশ শরণার্থী বোঝাই একটি নৌকায় পানি, খাবার ও ওষুধ সরবরাহ করে ফিরিয়ে দেয়।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর দাবি ছিল, ওই শরণার্থীরা ইন্দোনেশিয়ায় যেতে রাজি হয়নি। তারা মালয়েশিয়ায় যেতে চেয়েছে।
তবে থাইল্যান্ডের নৌবাহিনীর পক্ষ থেকে বুধবার বলা হয়, শরণার্থী বোঝাই নৌকা সমুদ্রে ফিরিয়ে দেয়া তাদের নীতিবিরুদ্ধ।
রেয়ার এডমিরাল কান দীউবল রয়টার্সকে বলেন, “যদি তারা (শরণার্থীরা) থাই জলসীমায় আসে তবে আমরা অবশ্যই তাদের সাহায্য করব এবং খাবার ও পানি সরবরাহ করব।”
“আমরা তাদের সমুদ্রে ফেরত পাঠাব না কারণ এটা মানবাধিকারের লঙ্ঘন।”
মানবপাচার বিষয়ে আলোচনার জন্য ২৯ মে দক্ষিণপূর্ব এশিয়ার ১৫টি দেশের প্রতিনিধিরা ব্যাংককে বৈঠকে বসবেন বলে জানান উইরাচন।
