২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র দ্বিতীয় শীর্ষ নেতা ‘নিহত’

 ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 09:45 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনালের তাহসিন ইব্রাহিম বিবিসি’কে বলেন, হামলার সময় আব্দুল রহমান মুস্তাফা মোহাম্মদ ওরফে আবু আলা আল-আফ্রি তাল আফার এলাকায় আল-শুহাদা মসজিদে অবস্থান করছিলেন।

বেশ কয়েকজন জঙ্গি নিয়ে তিনি মসজিদের ভেতর বৈঠক করছিলেন। বিমান হামলায় আফ্রির সঙ্গে তারাও নিহত হয়েছে বলে জানান ইব্রাহিম।

কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল, আফ্রি সাময়িকভাবে আইএস’র অভিযানের দায়িত্ব নিয়েছেন। 

ইরাকের নিরাপত্তা সূত্রের দাবি, মার্চে ইরাকের উত্তরাঞ্চলে জোট বাহিনীর বিমান হামলায় আহত হয়ে দল পরিচালনায় অক্ষম হয়ে পড়েন আইএস’র প্রধান নেতা আবু বাকর আল-বাগদাদি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার আফ্রির ব্যাপারে তথ্য দেয়ার জন্য ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ তার নাম আব্দুল রহমান মুস্তাফা আল-কাদুলি বলে উল্লেখ করে।