নেপালে আট আরোহীসহ যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার নিখোঁজ
নেপালের প্রত্যন্ত এলাকায় ছয় মেরিন সেনা ও দুই নেপালি সেনাসহ যুক্তরাষ্ট্র মেরিনের একটি সামরিক হেলিকপ্টার নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের একটি শহরের কাছে চাল ও ত্রিপল বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হয়।
পেন্টাগনের মুখপাত্র সেনা কর্নেল স্টিভ ওয়ারেন জানিয়েছেন, মাঠ পর্যায় থেকে পাওয়া প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে নিখোঁজ হওয়ার আগে হেলিকপ্টারটির ক্রু-রা জ্বালানি সমস্যার কথা বলছিলেন।
এর পরপরই যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা লাইট অ্যাটাক হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন বলে জানান তিনি।
মেরিনের তিনটি ভি-২২ টিল্ট-রোটর আকাশযান দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধান পায়নি। পরে রাত হয়ে যাওয়ায় আকাশ পথে চালানো অভিযান স্থগিত রাখা হয়। তবে ভূমিতে নেপালি সেনাদের তল্লাশি অব্যাহত ছিল বলে জানিয়েছেন ওয়ারেন।
হেলিকপ্টার নিখোঁজের এলাকাটি ‘বন্ধুর ও পর্বতময়’ উল্লেখ করে তিনি বলেন, “সম্ভবত পর্বতের বাধার কারণে নিখোঁজ হেলিকপ্টার থেকে পাঠানো কোনো রেডিও বার্তা পাওয়া যাচ্ছে না। আমরা হেলিকপ্টারটির অবস্থান জানতে পারিনি। স্বীকার করতে হচ্ছে, হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে।”
২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর নেপালে মার্কিন ত্রাণ কাজের জন্য তিনটি ইউএইচ-ওয়ানওয়াই হেলিকপ্টার নেপালে পাঠানো হয়েছিল। নিখোঁজ হেলিকপ্টারটি এগুলোর একটি।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মুখপাত্র সেনা মেজর ডেভ ইস্টবার্ন জানিয়েছেন, মঙ্গলবারের ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত চারিকোট এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে।
ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণরত একটি ভারতীয় হেলিকপ্টারের ক্রুরা নিখোঁজ হওয়ার আগে মার্কিন হেলিকপ্টারের ক্রুদের ‘জ্বালানি ইস্যু’ নিয়ে কথা বলতে শুনেছেন বলে জানিয়েছেন তিনি।
