‘যুক্তরাষ্ট্রকে লাদেনের খোঁজ দেন সাবেক পাকিস্তানি গোয়েন্দা’
আল কায়েদা নেতা ওসামা বিন-লাদেনের খোঁজ সিআইএ’কে দিয়েছিলেন পাকিস্তানেরই সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। কিন্তু লাদেন হত্যা অভিযানে পাকিস্তানের সহযোগিতা অস্বীকার করে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করে এসেছে বলে অভিযোগ করেছেন খ্যাতনামা মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও লেখক সেমুর হার্শ।
রোববার ‘লন্ডন রিভিউ অব বুকস’-এ প্রকাশিত এক নিবন্ধে পুলিৎজার পুরষ্কার জয়ী এ মার্কিন সাংবাদিক লেখেন, ওসামা বিন-লাদেনকে হত্যা অভিযান নিয়ে ডাহা মিথ্যা বলেছে যুক্তরাষ্ট্র। নিজেদের ভূমিকাকে বড় করে দেখানো এবং বিন লাদেন বিরোধী অভিযানের কৃতিত্ব নেয়ার জন্য পাকিস্তানের ভূমিকা ধামাচাপা দেয়া হযেছে।
যুক্তরাষ্ট্রকে লাদেনের খোঁজ পেতে পাকিস্তান সহায়তা করেছিল বলে মনে করেন কিনা- ‘দ্য ডন’ পত্রিকার এমন এক প্রশ্নের জবাবে হার্শ বলেছেন, “তারা সাহায্য করেছিল, পুরোপুরি সাহায্য করেছিল। বড় ধরনের সাহায্য করেছিল।”
কিন্তু “অপারেশন নেপচুন স্পেয়ার” নামে পরিচিত লাদেন বিরোধী অভিযান সম্পর্কে যে সব তথ্য ও বিবৃতি যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ করেছে তাকে বানোয়াট ও রূপকথা বলেই বর্ণনা করেছেন হার্শ।
নিবন্ধে হার্শ লিখেছেন, “২০১০ সালের অগাস্টে পাকিস্তানের সাবেক এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা প্রথম বিন লাদেনের অবস্থান সম্পর্কে জানিয়েছিলেন ইসলামাবাদের মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) তৎকালীন স্টেশন চীফ জোনথন ব্যাংককে।”
ওয়াশিংটন ২০০১ সালে ওসামা বিন-লাদেনের মাথার মূল্য ঘোষণা করেছিল দুই কোটি ৫০ লাখ ডলার। এ অর্থের লোভেই ওই পাকিস্তানি কর্মকর্তা লাদেনের অবস্থান সম্পর্কিত তথ্য ফাঁস করে দেন বলে জানিয়েছেন হার্শ।
সেই কর্মকর্তা একসময় সামরিক বাহিনীতে ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বাস করছেন এবং সিআইএ’র উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলেও জানান হার্শ। তবে তার সম্পর্কে আর বেশিকিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
হার্শ বলছেন, লাদেন হত্যা অভিযান সম্পর্কে পাকিস্তানের কর্মকর্তারা আগে থেকে কিছু জানতেন না বলে যুক্তরাষ্ট্র যে দাবি করে আসছে তা মিথ্যা।
তিনি বলেন, এ অভিযান সম্পর্কে তৎকালীন পাক সেনা কর্মকর্তা জেনারেল আশফাক পারভেজ কায়ানি এবং আইএসআই প্রধান জেনারেল আহমেদ শুজা পাশাকে অবহিত করা হয় নি বলে যে দাবি করা হয়েছে তাও ‘ডাহা মিথ্যা’।
হার্শ জানান, অভিযান চালিয়ে বিন-লাদেনকে হত্যার বিষয়টি নিয়ে পাক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন শীর্ষ মার্কিন কর্মকর্তারা।
ওসামা বিন-লাদেন তার আস্তানায় আত্মগোপন করেছিলেন এবং অবাধে চলাচল করতেন এ বিষয়টিও নাকচ করে দিয়ে হার্শ বলেন, অ্যাবোটাবাদের বাড়িতে বহু বছর ধরেই বিন লাদেনকে আটকে রেখেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। তার চলাফেরার ওপরও তাদের নজরদারি ছিল।
সৌদি আরব সরকারও বিষয়টি জানত এবং লাদেনকে বন্দি করে রাখার পরামর্শও দিয়েছিল।
যুক্তরাষ্ট্র লাদেনের বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করার পর আইএসআই তাকে মেরে ফেলার জন্য চাপাচাপি করে এবং অভিযানের এক সপ্তাহ পর বিষয়টি ঘোষণা করতে বলে। লাদেনকে রাখার জন্য পাকিস্তান এবং আফগানিস্তান যাতে দোষের ভাগী না হয় সেজন্য লাদেনকে হিন্দুকুশ পর্বতে খুঁজে পাওয়ার কথাও বলতে বলা হয় যুক্তরাষ্ট্রকে।
লাদেন হত্যা অভিযান সম্পর্কে হার্শ বলেন, যুক্তরাষ্ট্র অ্যাবোটাবাদে একটি পর্যবেক্ষণ ফাঁড়ি বসিয়েছিল। পরে তারা এ ফাঁড়ির কথা আইএসাআই’কে জানায়। আর অভিযানের আগে দিয়ে আইএসআই তারবেলার ঘাজি এলাকায় একটি সেল গঠন করে। ওই সেলে যুক্তরাষ্ট্রের নেভি সিলের একজন এবং সংযোগরক্ষাকারী দুইজন কর্মকর্তা লাদেন হত্যা অভিযানের মহড়া চালায়।
পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ হত্যা অভিযানের যে কাহিনী জাতির সামনে তুলে ধরেন তাতে পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকার কথা বলা হয়নি। এটি পাকিস্তানের জন্য খুবই বিব্রতকর বলে উল্লেখ করেছেন হার্শ। লাদেন হত্যা অভিযানের ‘কভার স্টোরি’ প্রকাশের আগে ওবামা পাকিস্তানের গোয়েন্দা প্রধান কিংবা সেনাপ্রধানের সঙ্গে কোনো আলাপ করেননি বলেও অভিযোগ করেছেন তিনি।
বিন-লাদেনকে খুঁজে বের করার জন্য কথিত টিকাদান কর্মসূচিও চালানো হয় নি বলে হার্শ উল্লেখ করেছেন। তিনি বলেন, অভিযানের পর টিকাদানের গল্প সাজানো হয়েছে।
তাছাড়া, বিন লাদেনের লাশ সাগরে ফেলা হয় নি বরং আফগানিস্তানে কবর দেয়া হয়েছে বলেও জানিয়েছেন হার্শ।
