২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে স্কটল্যান্ডের স্বাধীনতার পট প্রস্তুত

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে উত্তর সীমান্তে অধিকাংশ স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) বিপুল জয় নতুন করে স্কটল্যান্ডের স্বাধীনতার পট প্রস্তু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 11:16 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

স্বাধীনতার জন্য দলটির লড়াই নতুন করে গতি পাবে বলেই ধারণা করা হচ্ছে।

স্কটল্যান্ড থেকে ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে ৫৯ আসনের মধ্যে এসএনপি’র ৫৬ আসন জিতে লেবার পার্টির আধিপত্য ভূলুণ্ঠিত করেছে। এমনকি স্কটল্যান্ডের উপকূলীয় এলাকা ক্রিককালডি যা একসময় লেবার নেতা সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের শক্ত ঘাঁটি ছিল সেখানেও এবার এসএনপি জয়লাভ করছে।

স্কটল্যান্ডে লেবার পার্টির নির্বাচনী প্রচারণা প্রধান ডগলাস আলেক্সজান্ডারও তার নির্বাচনী আসনে এসএনপি প্রার্থীর কাছে হেরে গেছেন। ওই আসনে ২০ বছর বয়সী রাজনীতির শিক্ষার্থী হ্যারি ব্ল্যাক এসএনপি’র পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৭ শতকের পর যিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের সবচেয়ে কম বয়সী এমপি হতে যাচ্ছেন।

এসএনপি’র সাবেক নেতা অ্যালেক্স স্যামন্ড বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে দেশজুড়ে স্কটিশ সিংহ গর্জন করছে।”

এসএনপি নেতা নিকোলা স্টারজেওন স্বাধীনতা নিয়ে আরেকটি গণভোটের চেষ্টা করার কথা সরাসরি না বললেও বিরোধীরা বলছেন, দলটি এ লক্ষ্য নিয়েই এগুবে।

এসএনপি’র সব ভোটার স্বাধীনতাপন্থি না হলেও এবারের ভোটে স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে গত বছরের গণভোটের পর জনগণের সেন্টিমেন্টে খুব বেশি পরিবর্তনও দেখা যায়নি।

গত সেপ্টেম্বরের গণভোটে স্কটিশরা স্বাধীনতার বিরুদ্ধে ভোট দেয়। কিন্তু তারপর থেকে স্বাধীনতার পক্ষে থাকা এসএনপি দলটির জনপ্রিয়তা বেড়েছে বৈ কমেনি। এবারের ভোটের ফলই তার প্রমাণ। কিছু ভোটার এখনো ব্রিটেন থেকে স্কটল্যান্ডের স্বাধীনতার আরেকটি সুযোগ পেতে আগ্রহী। এসএনপি’র জয়ে তারা খুশী।

এসএনপি নেতা নিকোলা স্টারজেওনও স্বাধীনতা প্রশ্নে আরেকটি গণভোটের সম্ভাবনা জিইয়ে রেখেছেন-- যদিও বিষয়টি নিয়ে কোনো তাড়াহুড়ো বা উচ্চবাচ্য করছেন না তিনি।

দলের জয়ে স্টারজেওন বলেন, “নির্বাচনের রায়ে স্কটিশ জনগণ এসএনপি’র প্রতি আস্থা প্রকাশ করেছে। স্কটল্যান্ডের কথা বলার পট প্রস্তুত করেছে এবং অগ্রগতিমূলক রাজনীতির জন্য উঠে দাঁড়াতে সহায়তা করেছে। আর আমরা এখন এটাই করার আশা রাখি।”