যুক্তরাজ্যর অখন্ডতা রক্ষার প্রতিশ্রুতি ক্যামেরনের
যুক্তরাজ্যে সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে কনজারভেটিভ পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশকে অখন্ড রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির নেতা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে ডাউনিং স্ট্রিটে ফিরে এসে তিনি ‘এক জাতির’ সরকারের নেতৃত্ব দেয়ার অঙ্গীকার করেন। অখন্ড যুক্তরাজ্যে বিশ্বাসী সরকার এবং দলেরই নেতৃত্ব দিতে চান বলে জানান তিনি।
দেশের উত্তরে স্কটল্যান্ডের স্বাধীনতাপন্থী স্কটিশ ন্যাশানাল পার্টি বা এসএনপি-র ব্যাপক সাফল্য ক্যামেরন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা ।
এ চ্যালেঞ্জের মুখেই ব্রিটেনের অখন্ডতার বিষয়টিতে জোর দিয়ে ক্যামেরন বলেন, আমরা যুক্তরাজ্যের সব জায়গায়ই যাব, আলোচনা চালাব এবং দেশকে এক জাতি হিসাবে একসঙ্গে রাখার প্রণপন চেষ্টা চালাব।
ডাউনিং স্ট্রিটের ভাষণে তিনি বলেন, “এক জাতি এবং এক দেশের দল হিসাবেই আমরা শাসনকাজ পরিচালনা করব।”
সেব রাজ্যেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার লক্ষ্য নিয়ে এগুবেন উল্লেখ করে ক্যামেরন বলেন, “আমি সব সময়ই শ্রদ্ধা বজায় রেখে শাসন পরিচালনায় বিশ্বাসী। যার কারণে গত পার্লামেন্টে আমরা স্কটল্যান্ড এবং ওয়েলসে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিলাম।স্কটল্যান্ডের জনগণ যুক্তরাজ্যে থাকতে চায় কি না সে ব্যাপারেও গণভোট আয়োজন করেছিলাম।”
“এই পার্লামেন্টেও আমি আমার কথা রাখব। সব পার্টির সম্মতিতে ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ক্ষমতার বিকেন্দ্রীকরণের ব্যাপারে যে মতৈক্য হয়েছিল তা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব।”
ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের সদস্যপদ নিয়ে গণভোট অনুষ্ঠান এবং কনজারভেটিভের অর্থনৈতিক পরিকল্পনার কাজ ও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
