২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন ইউকিপ ও লিবডেম নেতাও

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কোনো আসন জিততে না পেরে পদত্যাগ করেছেন ইউকে ইনডিপেনডেন্স পার্টি (ইউকিপ) নেতা নাইজেল ফ্যারাজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 07:07 PM

Updated : 12 Oct 2022, 03:39 PM

ওদিকে, নির্বাচনে অত্যন্ত কম আসন জেতায় পদত্যাগ করেন লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগও।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ সরকারের জোটসঙ্গী হিসাবে দলটি পার্লামেন্টে আসন ধরে রাখতে পারলেও বিপুল সংখ্যক আসন খুইয়েছে। শুক্রবার সকালে সর্বশেষ ভোট গণনায় দেখা গেছে, লিবডেম পেয়েছে মাত্র ৮ আসন। যেখানে ২০১০ সালে দলটি জিতেছিল ৫৭ আসন।

“ভোটের এ ফল স্পস্টতই বিপর্যয়কর। এ ধরনের ফল হবে তা ভাবতেই পারিনি,” এক সংবাদ সম্মেলনে বলেন বিধ্বস্ত ক্লেগ।

তিনি বলেন, “এর দায় আমাকে নিতে হবে।আর তাই দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।”

ওদিকে, ইউকিপ নেতা ফ্যারাজ দলের ব্যর্থতায় এতটা ভেঙে পড়েননি। পদত্যাগের ঘোষণা দিলেও আবারো দলের নেতৃত্বে ফেরার সম্ভাবনা নাকচ করেননি তিনি।

আগামী সেপ্টেম্বর মাসে দলের পরবর্তী নেতা নির্বাচন হবে উল্লেখ করে ফ্যারাজ সাংবাদিকদের বলেন, এতে দাঁড়ানোর কথা ভাবছেন তিনি।

দল পার্লামেন্টে আসন না পেলে পদত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্যারাজ। সেই কথাই রেখেছেন বলে শুক্রবার জানান তিনি।