‘ভোট দেওয়া আল্লাহর সঙ্গে শিরক’ লেখা প্রচারপত্র টাওয়ার হ্যামলেটসে
ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পূর্ব লন্ডনে মৌলবাদী ও ধর্মীয় নেতারা হুমকি দিয়েছেন বলে কিছু মুসলিম ভোটার অভিযোগ করেছেন।
বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে জনগণকে ভোট না দেওয়ার আহ্বান সম্বলিত কিছু প্রচারপত্র পাওয়া গেছে বলে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রিটিশ পার্লামেন্টের (হাউজ অব কমন্স)প্রতিনিধি নির্বাচনে ভোট হয় বৃহস্পতিবার। ভোটে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি এগিয়ে আছে বলে একটি বুথ ফেরত জরিপে বলা হয়েছে। জরিপ অনুযায়ী প্রধান বিরোধী দল লেবার পার্টি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেতে চলেছে।
নির্বাচনে সহিংসতার আশঙ্কায় টাওয়ার হ্যামলেটসের ভোট কেন্দ্রগুলোতে তিনশর বেশি পুলিশ মোতায়েন করা হয়। ভোট জালিয়াতির জন্য সম্প্রতি এই কাউন্সিলের মেয়র পদ হারিয়েছেন বিতর্কিত বাংলাদেশি লুৎফুর রহমান।
গত বছর মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ইমামদের দিয়ে প্রভাব বিস্তার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অপপ্রচার এবং ভোট জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৩ এপ্রিল লুৎফুরকে টাওয়ার হ্যামলেটসের মেয়র পদ ছাড়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করে জরিমানাও করা হয়।
বৃহস্পতিবারের ভোটে এই টাওয়ার হ্যামলেটসেই দুই ধরনের প্রচারপত্র বিলি করা হয়। একটি লিফলেটে লেখা ছিল, ‘ভোট দিও না’ এবং ‘#মুসলমান থাকো, ভোট দিও না’। এতে আরো বলা হয়, ‘আল্লাহ ছাড়া আর কারো শাসন করার অধিকার নাই’।
আরেকটিতে বলা হয়, “সতর্কতা। মানবসৃষ্ট আইনের জন্য ভোট দেওয়া আল্লাহর সঙ্গে শিরক।”
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে একই ধরনের পোস্টার দেখা যায় ওয়েলসের গেঞ্জটাউনে, যেখানকার অধিবাসীদের মধ্যে একটা বড় অংশ মুসলমান।
মৌলবাদী ধর্মপ্রচারক আনজেম চৌধুরী অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভোটবিরোধী প্রচারণা চালিয়েছেন।
টাওয়ার হ্যামলেটসের একটি ভোটকেন্দ্রে ভোটারদের আইএসের লোগো সম্বলিত একটি লিফলেট দেওয়া হয়, যাতে ‘গণতন্ত্র প্রত্যাখ্যান করো’, ‘মুসলমান থাকো’ এবং ‘ভোট দিও না’ লেখা ছিল।
টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির কাউন্সিলর দোরোস উল্লাহ বলেছেন, ‘এই এলাকার ছোট একটি গোষ্ঠী’ পুরো মুসলিম জনগোষ্ঠীর বদনাম করছে।
