২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নিখোঁজ ১ হাজার ইইউ নাগরিক

নেপালে শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পেরিয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর এক হাজার নাগরিকের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 10:43 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

২৫ এপ্রিলের ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ছয় হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় ১৪ হাজার মানুষ।

ইইউ’র একজন কর্মকর্তা জানান, নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই পর্বতারোহী।ভূমিকম্পের সময় তারা মাউন্ট এভারেস্ট বা দুর্গম লাংটাং পাহাড়ী অঞ্চলের আশেপাশে অবস্থান করছিলেন।

তাদের অনেকেই জীবিত আছেন এবং ভূমিকম্পের কারণে ওই সব অঞ্চলের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা যোগাযোগ করতে পারছেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই কর্মকর্তা।

ভয়াবহ এ দুর্যোগের পর আন্তর্জাতিক বিশ্বের কাছে আরো বেশি সাহায্য পাঠানোর আবেদন জানিয়েছে নেপাল সরকার। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণের জন্য আরো হেলিকপ্টার চাওয়া হয়েছে। দুর্গত নেপালিদের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে জাতিসংঘ এবং ইইউ’ও।

নেপালে পর্বত আরোহণের জন্য পর্বতারোহীদের কাছে এপ্রিল ও মে মাস সবচেয়ে জনপ্রিয় সময়। এ সময় গোটা বিশ্ব থেকে প্রচুর পর্বতারোহী নেপালে যান।

ভূমিকম্পের পর এখন পর্যন্ত ইইউভুক্ত দেশগুলোর ২০ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের কেউ কেউ ভূমিকম্পের কারণে সৃষ্ট তুষার ধসে চাপা পড়ে মারা গেছেন। তুষার ধসে মাউন্ট এভারেস্টের বেইজ ক্যাম্পের কিছু অংশ চাপা পড়েছে।

নেপালে নিযুক্ত ইইউ দূত রেনজি তীরিঙ্কা বলেন, কর্তৃপক্ষ ইইউ ভূক্ত দেশগুলোর প্রায় এক হাজার নাগরিকের কোন খোঁজ পাচ্ছে না।

কাঠমান্ডুতে তিনি সাংবাদিকদের বলেন, “তারা নিখোঁজ। যদিও তাদের বর্তমান অবস্থা কি তা আমরা জানি না।” তারা জীবিত আছেন বলে আশা প্রকাশ করেছেন ইইউ’র অন্য একজন কর্মকর্তা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অনেক ভ্রমণকারী নিজ নিজ দূতাবাসে নিবন্ধন ছাড়াই নেপালে গেছেন। এখন তাদের সম্পর্কে তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে যাবে।

ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে বেশ কিছু দুর্গম পাহাড়ী অঞ্চলে এখনো পৌঁছানো সম্ভব হয়নি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মহাসচিব ও জরুরি ত্রাণ সমন্বয়ক ভ্যালেরি আমোস ও ইইউ’র মানবিক ত্রাণ ও সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টস স্টিলিয়ানিডেস বৃহস্পতিবার কাঠমান্ডু পৌঁছেছেন।

পুরনো খবর:

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার