২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার

নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছয়হাজার ছাড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন প্রায় ১৪ হাজার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 09:34 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

গেল শনিবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

বিবিসি বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬,২০৪ জনে দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা জানানো হয়েছে ১৩,৯৩২ জন।

এরআগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধুপালচোকে ১ হাজার ৫৮৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়। কাঠমান্ডুতে রেকর্ড করা হয়েছে ১ হাজার ৩৯ জনের মৃত্যু, নুয়াকোটে ৭০৭ জন, ধাড়িং এ ৫২৭, গোরখায় ৪০৫, কাভরেতে ২৭৫, বখতপুরে ২৫২ এবং ললিতপুরে ১৬৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘দ্য ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার’ আহতের সংখ্যা ১১ হাজার ৫৩৮ জন উল্লেখ করেছে। তবে প্রকৃত সংখ্যা এরচেয়ে আরো অনেক বেশি।

কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সতর্ক করে দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা ১০ হাজারে দাঁড়াতে পারে।

‘দ্য ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার’ ভূমিকম্পে পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ১৩ লাখের বেশি, আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৮৫,৮৫৬ টি উল্লেখ করেছে। ১০ হাজারের বেশি সরকারি ভবন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সকাল ৯ টার মধ্যে ভূমিকম্পের তিনটি পরাঘাত অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম দুটোর মাত্রা ছিল ৪ দশমিক ৭ এবং তৃতীয়টি ৩ দশমিক ৯ মাত্রার ছিল বলে জানিয়েছে জাতীয় সিসমোলোজিক্যাল সেন্টার।