ভূমিকম্পের ৫ দিন পর কিশোর উদ্ধার
নেপালে ভূমিকম্পের পাঁচ দিন পর ধ্বংসস্তুপ থেকে জীবিত টেনে বের করা হয়েছে এক কিশোরকে।
ভূমিকম্পের এতদিন পর কাউকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসার এ সময়ে ১৫ বছরের ওই কিশোরকে উদ্ধারে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
কাঠমান্ডুর হিলটন হোটেলের ধ্বংসস্তুপ থেকে নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী ১৫ বছরের কিশোর পেমা লামাকে উদ্ধার করে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও উদ্ধারকারীদের উদ্ধারকাজ চলছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
গত শনিবারের ভূমিকম্পের পর বহু মানুষ খোলা রাস্তায় দিন কাটাচ্ছে। জাতিসংঘের হিসাবমতে, ভূমিকম্পে ৬ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী তিনমাসে অন্তত ২০ লাখ মানুষের তাঁবু, খাবার এবং চিকিৎসা সরঞ্জাম দরকার।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার সকাল নাগাদ ভূমিকম্পে নিশ্চিত মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৮৯ জনের এবং আহত হয়েছে ১১ হাজার। নেপালে ভূমিকম্পের আাঁচে প্রতিবেশী ভারত এবং তিব্বতে মৃত্যু হয়েছে ৮০ জনের।
