নিপীড়ন থেকে বাঁচতে বাস থেকে লাফ, কিশোরীর মৃত্যু
ভারতের পাঞ্জাবে কয়েকজন সহযাত্রীর যৌন নিপীড়ন থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার মা।
বুধবার সন্ধ্যায় পাঞ্জাবের মগা শহরে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরীকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। তার মাকে মগা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর রাতে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “বাসটি আটক করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি এবং দোষীদের ধরার চেষ্টা করছি।”
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বাসের কয়েকজন যাত্রী জানান, ওই কিশোরী ও তার মা বাসে উঠার পর বাসের কর্মী ও কয়েক যুবক ‘অশ্লীল’ মন্তব্য করে তাদের যৌন নিপীড়ন করে।
একটি ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠা মা-মেয়ে বাস থেকে নামার চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে দেন।
“বাসের কেউ তাদের রক্ষায় এগিয়ে আসেনি। ঘটনার সময় খুব বেশি যাত্রী ভিতরে ছিলেন না,” পুলিশকে বলেন এক প্রত্যক্ষদর্শী।
এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পাঞ্জাব পুলিশ।
২০১২ সালের ডিসেম্বরে চলন্ত বাসে ধর্ষিত হন ২৩ বছর বয়সী ফিজিওথেরাপির এক ছাত্রী। ছয় পাষণ্ড ধর্ষণের আগে ছাত্রীর বন্ধুকে পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তাদের দুজনকেই চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
দুই সপ্তাহ পর ওই ছাত্রীর মৃত্যু হয়। ওই ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র-জনতা।
