২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালালার ওপর হামলায় জড়িত ১০ জনের জেল

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলন কর্মী ও শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলায় জড়িত ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 04:10 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে সোয়াতের সন্ত্রাসবিরোধী আদালত এ দণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের সবাই নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি’র সদস্য।

সাজাপ্রাপ্তদের নাম বিলাল, শওকত, সালমান, জাফর ইকবাল, নাসরুল্লাহ, জাফর আলি, ইরফান, ইজহার, আদনান এবং ইকরাম বলে জানিয়েছে ‘দ্য ডন’ পত্রিকা।

২০১২ সালের অক্টোবর মাসে সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে স্কুলবাসে উঠে মালালার মাথায় গুলি করে টিটিপি’র বন্দুকধারীরা।

স্কুল থেকে ফেরার পথে তাকে গুলি করা হয়। সে সময়ে মালালার বয়স ছিল ১৫।  মালালা এর আগে থেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে এবং নারী শিক্ষার পক্ষে কাজ করে আসছিলেন। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পান মালালা।

২০১৪ সালের সেপ্টেম্বরে হামলার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে পাকিস্তানের সেনাবাহিনী। এরপর তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বিচার করার প্রতিশ্রুতি দেয়া হয়।