‘বোকো হারামের শিবির থেকে ২০০ বালিকা উদ্ধার’
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় সংরক্ষিত বনাঞ্চল সামবিসা’য় অভিযান চালিয়ে বোকো হারাম জঙ্গিদের শিবির থেকে ২০০ বালিকাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নাইজেরীয় সেনাবাহিনী।
মঙ্গলবারের ওই অভিযানে আরো ৯৩ জন নারীকেও উদ্ধার করা হয়েছে বলে দাবী করেছে দেশটির সেনাবাহিনী।
২০১৪’র এপ্রিলে দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম চিবোক থেকে ২০০ স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম জঙ্গিরা। এই অপহরণের ঘটনায় তখন বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল।
ছয় বছর ধরে বোকো হারামের বিদ্রোহী লড়াই চলাকালে গোষ্ঠিটির হাতে কয়েক হাজার মানুষ নিহত ও তার চেয়েও বেশি অপহৃত হয়েছেন।
সামবিসায় অভিযানকালে সেনাবাহিনী বোকো হারামের তিনটি শিবির ধ্বংস করেছে বলে জানিয়েছেন সেনা মুখপাত্র মেজর জেনারেল ক্রিস ওলুকোলাদে।
তিনি বলেন, “আজ (মঙ্গলবার) বিকেলে সেনারা ২০০ বালিকা ও ৯৩ জন নারীকে সামবিসা বন থেকে উদ্ধার করেছে। উদ্ধার করা বালিকাদের মধ্যে চিবুকের বালিকারও আছে কিনা তা নিশ্চিত না আমরা।”
