২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে যাওয়া নৌকার ক্যাপ্টেন অভিযুক্ত

ভূমধ্যসাগরে লিবিয়ার জলসীমায় ডুবে যাওয়া নৌযানটির ক্যাপ্টেনের বিরুদ্ধে অবিবেচকের মত একাধিক মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 08:38 PM

Updated : 25 Apr 2022, 01:16 PM

গত রোববার ৯ শতাধিক অবৈধ অভিবাসী নিয়ে ডুবে যায় নৌকাটি।  ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ক্যাপ্টেন মোহাম্মেদ আলি মালেক (২৭)তিউনিসিয়ার নাগরিক। ক্যাপ্টেনের সঙ্গে তার একজন ক্রুকেও গ্রেপ্তার করে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত ক্রু সিরিয়ার নাগরিক। নাম মাহমুদ বিখিত (২৫)। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।

রোববারের ওই দুর্ঘটনার পর অভিযুক্ত দুই ব্যক্তিসহ এখন পর্যন্ত ২৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার রাতে বেঁচে যাওয়া যাত্রীরাসিসিলিতে পৌছান।

কর্তৃপক্ষ জানান, ক্যাপ্টেনের ভুলে এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে  নৌকাটি ডুবে যায়।

সিসিলির বন্দর নগর কাতানিয়ার কৌঁসুলিরা বলেন,  নৌকাটি ডুবে যাওয়ার আগ মুহূর্তে পর্তুগালের একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে সেটি ধাক্কা খায়।একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা খাওয়ার যে গুঞ্জন রটেছিল তারা সেটা বাতিল করে দেন।

২০ মিটার লম্বা নৌযানটি আগে মাছ ধরার ট্রালার হিসেবে ব্যবহার করা হত। ক্যাপ্টেনের ভুল চালনার কারণেই পণ্যবাহী জাহাজের সেঙ্গ নৌযানটির ধাক্কালাগে।

প্রচণ্ড ধাক্কা ও আতঙ্কিত যাত্রীদের হুড়োহুড়ির কারণে পরমুহূর্তে সেটি উল্টে যায়।

ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কার্লত্তা সামি দুর্ঘটনার পর বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কাতানিয়ায় দেখা করেছেন।

এরপর তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, খুব সম্ভবত এ দুর্ঘটনা আট শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

তিনতলা ওই নৌযানটির অধিকাংশ যাত্রী সিরিয়া, এরিতরেয়া, সোমালিয়া, মালি, সিয়েরা লিওন ও সেনেগালের নাগরিক ছিলেন।

ওদিকে, গ্রিসের রোডে দ্বীপের  কাছে সোমবার প্রায় ৯০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া নৌকাটির দুই চালকের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়াহচ্ছে। তারা দুজনই সিরিয়ার নাগরিক। ওই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

এ বছর ভূমধ্যসাগরে অভিবাসী বোঝাই নৌকাডুবির ঘটনা ভয়ঙ্কর মাত্রায় বেড়ে যাওয়ায় ইউরোপের দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক বলেন, “ভূমধ্যসাগরের পরিস্থিতি খুবিই উদ্বেগজনক হয়ে পড়েছে। এভাবে এটা চলতে পারে না।”

সোমবারের জরুরি বৈঠকে ভূমধ্যসাগরে দুর্ঘটনায় পড়া নৌযানের যাত্রীদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে ইইউ।

মানব পাচার বন্ধ করতে এবং উদ্ধার অভিযানে আরো গতি আনতে ইইউ ভূক্ত দেশগুলোর নেতাদের একটি বিশেষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণজানিয়েছেন তুস্ক।