২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ‘এক-চতুর্থাংশ এলাকা খুইয়েছে আইএস’

ইরাকে অগাস্টে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা শুরুর পর থেকে ইসলামিক স্টেট (আইএস) তাদের নিয়ন্ত্রণে থাকা এক-চতুর্থাংশেরও বেশি এলাকা খুইয়েছে বলে জানিয়েছেন পেণ্টাগনের মুখপাত্র কোল স্টিভ ওয়ারেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 07:57 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

তিনি বলেন, স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে একথা এখনই বলা না গেলেও জোট বাহিনীর বিমান হামলা এবং ইরাকি পদাতিক বাহিনী প্রশ্নাতীতভাবেই আইএস’র কিছু ক্ষতি করতে পেরেছে।

গত জুনে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয় আইএস জঙ্গিরা।

তবে গত আট মাসে আইএস ইরাকে তাদের দখলে থাকা প্রায় ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ এলাকা (১২,৯৫০ থেকে ১৫,৫৪০ স্কয়ার কিলোমিটার) খুইয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র কোল ওয়ারেন গত সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আইএস এর বিরুদ্ধে লড়াই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির হোয়াইট হাউজ বৈঠকের আগে দিয়ে জঙ্গি গোষ্ঠীটির এলাকা খোয়ানোর এ ঘোষণা এল।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই আবাদি পরিস্কার করে জানিয়েছেন, তিনি চান জোট বাহিনী ইরাকে আইএস এর ওপর বিমান হামলা জোরদার করুক।

ওয়ারেন বলেন, কোয়ালিশন বাহিনী এবং ইরাকের সরকারি বাহিনী আইএস এর ক্ষতিসাধন করেছে এবং তাদেরকে পিছুও হটিয়েছে।

পেন্টাগনের একটি মানচিত্রে দেখানো হয়েছে, আইএস বিশাল এলাকা হারিয়েছে, যে এলাকাগুলোতে একসময় তাদের আধিপত্য ছিল। এ এলাকাগুলোতে লড়াইয়ের সম্মুখসারি থেকে আইএস অবস্থানের ভিত্তিতে সরে গেছে হয় পশ্চিম কিংবা দক্ষিণে। ইরাকের ইরবিল, বাবিল, বাগদাদ এবং কিরকুকে পিছু হটেছে তারা।

এছাড়াও গুরুত্বপূর্ণ যেসব জায়গায় আইএস এর এলাকা বেদখল হয়েছে তার মধ্যে রয়েছে মসুল ড্যাম, জুম্মার এবং সিনজার মাউন্টেইন। তিকরিতের উত্তরাঞ্চলের করিডোরও অনেকটা দখল করে নিয়েছে মিত্র বাহিনী এবং এলাকাটি শিগগিরই জঙ্গিমুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেছেন ওয়ারেন।