২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইয়েমেনে বিমান হামলায় বাস্তুচ্যুত ১২০,০০০ মানুষ’

ইয়েমেনে গত মাসে শুরু হওয়া বিমান হামলায় এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 05:17 PM

Updated : 25 Apr 2022, 01:15 PM

পলাতক প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনী এবং শিয়া হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ইয়েমেন পরিস্থিতি। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর মিত্রবাহিনী ২৬ মার্চ থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু করেছে।

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের অনেক অংশই চলে গেছে হুতিদের দখলে। বন্দরনগরী এডেনেও হুতিদের এগিয়ে যাচ্ছে।

ইয়েমেন পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় বিষয়ক জাতিসংঘ কার্যালয় (ওসিএইচএ) থেকে পাওয়া তথ্য উল্লেখ করে গত সোমবার দৈনিক এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, “আবিয়ানে ১ হাজার ৭৩০টি বাস্তুচ্যুত পরিবার অস্থায়ীভাবে বিভিন্ন স্কুল, স্থানীয় সম্প্রদায় কিংবা পরিবার ও স্বজনদের সঙ্গে বাস করছে।”

সেখানখার মানবিক পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ কার্যালয়। মানুষ ভুগছে খাদ্য সঙ্কটে। এডেনে স্থানীয় বাজারে আটা পাওয়া যাচ্ছে না এবং সব রুটির দোকানই বন্ধ হয়ে গেছে।

এডেন, আবিয়ান এবং আল ধালে’র অনেক জায়গায়ই বিচ্ছিন্ন হয়ে গেছে টেলিফোন নেটওয়ার্ক। এডেন এবং মুকালা এলাকার অধিবাসীরা প্রায় সবসময়ই বিদ্যুৎ সঙ্কটে দিন কাটাচ্ছে।

তবে মানবিক ত্রাণকর্মীরা সেখানে প্রয়োজনীয় বিভিন্ন ত্রাণ সরবরাহ করে যাচ্ছে এবং পরিবেশ অনুকূল হলে আরো ত্রাণ সেখানে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মুখপাত্র স্টেফান।