লিবিয়ায় দূতাবাসে হামলার দায়িত্ব স্বীকার আইএস’র
দক্ষিণ কোরীয় মিশনে হামলার পর ত্রিপোলিতে মরক্কোর দূতাবাসেও বোমা হামলা চালানো হয়েছে।
সোমবার ভোরে মরক্কো দূতাবাসের গেটের কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আঘাত পাননি বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
এর মাত্র কয়েক ঘন্টা আগে রোববার ত্রিপোলির দক্ষিণ কোরীয় মিশনে হামলা চালানো হয়। এতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণে মিশনের স্থানীয় দুই নিরাপত্তা রক্ষী নিহত হন ও অপর একজন আহত হন।
দুটি হামলারই দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) এর অনুগত লিবিয়ার জঙ্গিরা। তবে তাদের দাবীর সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি।
ত্রিপোলির বেন আশুর এলাকায় অবস্থিত মরক্কো দূতাবাসের গেটে বিস্ফোরিত বোমায় গেটটি ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি পাশের একটি আবাসিক ভবনেরও ক্ষতি হয়েছে।
