হিলারি চমৎকার প্রেসিডেন্ট হবেন: ওবামা
‘হিলারি ক্লিন্টন একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন’- যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটিক পার্টি থেকে হিলারির প্রার্থিতা ঘোষণার একেবারে আগ মুহূর্তে একথা বলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।
পানামা সিটিতে আঞ্চলিক শীর্ষ সম্মেলনে শনিবার একথা বলেন তিনি।
ওবামা বলেন, “২০০৮ সালের নির্বাচনে তিনি দুর্দান্ত সম্ভাবনাময় একজন প্রার্থী ছিলেন। এছাড়া, জাতীয় নির্বাচনে তিনি আমার বড় সমর্থকদের একজন ছিলেন। তিনি একজন অসাধারণ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি আমার বন্ধু।”
রোববার ভিডিও বার্তা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা করতে পারেন হিলারি ক্লিন্টন।
২০০৮ সালে প্রার্থিতা মনোনয়নের দৌড়ে ওবামার কাছে হেরে যান হিলারি। তবে এ বছর ডেমোক্রাটিক পার্টি থেকে মনোনয়ন দৌড়ে হিলারি বেশ খানিকটা এগিয়ে বলে ধারণা বিশেষজ্ঞদের।
হিলারিকে এবার সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মনোনয়নের প্রতিযোগিতায় নামতে হতে পারে।
ওদিকে, রিপাবলিকান পার্টি থেকে এরই মধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন সিনেটর র্যান্ড পল ও টেড ক্রুজ। বিখ্যাত বুশ পরিবারের আরেক সদস্য ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
