মিশরে মর্টার হামলায় নিহত ১১
মিশরের উত্তর সিনাই প্রদেশে মর্টার হামলায় অন্ততপক্ষে ১১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় দুটি বাড়িতে মর্টারের শেল আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিরাপত্তাসূত্র জানিয়েছে।
সিনহুয়া সংবাদ সংস্থাকে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, “শেখ জুইয়িদ শহরের দক্ষিণাঞ্চলে সশস্ত্র বাহিনীকে লক্ষ করে উগ্রপন্থিরা হামলা চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই দুটি বাড়িতে আঘাত হানে।”
অপরদিকে জানা গেছে, সিনাই উপত্যকায় বিদ্রোহী-জঙ্গিদের গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সংঘর্ষে পাঁচজঙ্গি নিহত হয়েছেন।
সিনাইভিত্তিক আনসার বাইত আল-মাকদিস (এবিএম) সম্প্রতি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। এবিএম মিশরে সরকারবিরোধী অধিকাংশ হামলার দায় স্বীকার করেছে।
