২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব মিত্রদের দ্রুত অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন বোমাবর্ষণে সহায়তা করার জন্য মিত্র আরবদেশগুলোতে অস্ত্র সরবরাহের গতি ও গোয়েন্দা সহয়তা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। 

রয়টার্স

রয়টার্স

Published : 08 Apr 2015, 03:14 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক মঙ্গলবার এ কথা জানিয়েছেন। 
 
ওই হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইরান এই অভিযোগ অস্বীকার করলেও মধ্যপ্রাচ্যে ইরানের বাড়তে থাকা প্রভাবে উদ্বিগ্ন হয়ে পড়ছে সৌদি আরবসহ উপসাগরীয় সুন্নি আরব দেশগুলো, যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েল। 
 
যুক্তরাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, অন্যতম প্রধান মিত্র ‍সুন্নি বাদশাশাসিত রাষ্ট্র সৌদি আরবে একটি সমন্বয় কেন্দ্র স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে সামরিক বাহিনী ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো বিমান হামলায় নেতৃ্ত্ব দিচ্ছে। 
 
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে ব্লিনকেট বলেছেন, “সৌদি আরব হুতিদের একটি শক্ত বার্তা দিচ্ছে, এটি হল হুতি ও তাদের মিত্ররা শক্তি দিয়ে ইয়েমেন দখল করতে পারবে না।” 
 
“এই প্রচেষ্টার অংশ হিসেবে, আমরা অস্ত্র সরবরাহের গতি বাড়িয়েছি, আমরা আমাদের গোয়েন্দা অংশদারিত্বও বৃদ্ধি করেছি, আর আমরা সৌদি অভিযান কেন্দ্রে সমন্বয়ের জন্য একটি যৌথ পরিকল্পনা সেলও স্থাপন করেছি।” 
 
মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, তার দেশ উপসাগরীয় মিত্র আরব দেশগুলোর জোটের ১৩ দিন ধরে চালানো বিমান হামলার বিরোধীতা করছে। 
 
ইরানের রাষ্ট্রিয় টেলিভিশনে তিনি বলেছেন, “ইয়েমেন সঙ্কটের সমাধান হিসেবে আমাদের মত হল, সেখানে হামলা বন্ধ করতে হবে এবং দেশটির নাগরিকদের বিরুদ্ধে বিদেশী হস্তক্ষেপ বন্ধ করতে হবে।” 
 
“ইয়েমেনের ভবিষ্যৎ ইয়েমেনিদেরই নির্ধারণ করতে দিতে হবে,” বলেছেন তিনি। 
 
এদিকে ইয়েমেনের প্রশাসন ভেঙে পড়ার সুযোগে মঙ্গলবার ইয়েমেনের প্রত্যন্ত এলাকার সীমান্তে সৌদি সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে আল কায়েদা জঙ্গিরা। হামলায় জঙ্গিরা সফল হয়েছে বলে জানা গেছে।
  শেষ খবর পাওয়া পর্যন্ত এডেনের দখল নিয়ে হুতি ও মিত্র সেনাবাহিনীর ইউনিটগুলোর সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগতদের তীব্র লড়াই চলছে।