‘ভূতুড়ে নগরী’ এডেন
ইয়েমেনে চলমান সংঘর্ষে ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে এডেন। শহরটির আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) প্রধান রবার্ট ঘোসেন বিবিসি’কে একথা জানিয়েছেন।
তিনি বলেন, এডেনে জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ প্রয়োজন। তাছাড়া, খাবার, পানিসহ আরো নানা সঙ্কটে জর্জরিত হয়ে পড়েছে নগরীর মানুষ।
সম্প্রতি কয়েকমাসে ইয়েমেনে কয়েকটি ভিন্ন ভিন্ন দলের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে এ সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৫৪০ জনেরও বেশি মানুষ।
মৃতের সংখ্যা বাড়তে থাকায় ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে এডেন। হাসপাতালে একের পর এক জমছে লাশের স্তুপ। লোকজন কাউকে কোথাও আর দেখা যাচ্ছে না। সবাই আত্মগোপন করে আছে। অর্থনীতি থমকে গেছে। রাস্তায় রাস্তায় কেবল ঘরবাড়ির ধ্বংস্তুপ আর আবর্জনা, বলেন, ঘোসেন।
মূল সংঘর্ষ চলছে হুতি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট আবদুল্লাহ মনসুর হাদি সরকারের অনুগত বাহিনীর মধ্যে। নগরীতে রয়েছে বিভিন্ন দলের সশস্ত্র মানুষ। এ এক বিশাল নগরী। কিন্তু সব কিছুই অচল হয়ে পড়েছে। নিরাপত্তার অভাবের কারণে নগরীতে ত্রাণ ঠিকমত পৌঁছানো যাচ্ছেনা।
এডেনে বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে দু’সপ্তাহ আগে ইয়েমেন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট হাদি। হুতি বিদ্রোহীদের লক্ষ্য তার সরকারকে হটানো। হাদির সরকার দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ হুতিদের।
