কেনিয়ার গারিসায় আল-শাবাবের বিরুদ্ধে বিক্ষোভ
কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের নৃশংস হামলার প্রতিবাদে শহরটিতে প্রায় আড়াই হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ-মিছিল করেছে।
মিছিলে মুসলিম এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষই অংশ নিয়েছে। বিবিসি জানায়, মিছিল থেকে তারা সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের বিরুদ্ধে একতাবদ্ধ থাকার অঙ্গীকার করেছে।
রাজধানী নাইরোবিতেও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার গারিসা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলায় অন্তত ১৪৮ জন প্রাণ হারায়। কেনিয়ায় এটি আল-শাবাবের সবচেয়ে ভয়াবহ হামলা। আট বছর আগে প্রতিবেশী দেশ সোমালিয়ায় জঙ্গি এই সংগঠনটির উত্থান হয়।
জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে সোমালিয়ার সরকারকে সাহায্য করার জন্য ২০১১ সালে সেখানে সেনা পাঠায় কেনিয়া।
কেনিয়া সরকারকে সোমালিয়া থেকে তাদের সেনা তুলে নিতে বাধ্য করার জন্য আল-শাবাব জঙ্গিরা কেনিয়ার বিরুদ্ধে ‘দীর্ঘ, বিভীষিকাময় যুদ্ধে’র ঘোষণা দিয়েছে।
গারিসা শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে সোমালিয়া সীমান্ত। গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা হতে পারে এ সংক্রান্ত খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
এরপরও সরকার কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল না তা নিয়ে কেনিয়া জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে।
আল-শাবাবের ওই হামলার ‘সম্ভাব্য সবচেয়ে কঠিন জবাব’ দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তি।
রোববার রাতে কেনিয়ার বিমান বাহিনী সোমালিয়ার গেদো অঞ্চলে আল-শাবাবের দু’টি শিবিরে বোমা হামলা চালায়।
হামলায় শিবির দুটি ধ্বংস হয়ে গেছে বলে দাবি সেনাবাহিনীর মুখপাত্র ডেভিড ওবনয়োর।
“আমাদের বিমান থেকে তোলা ছবিতে দেখা গেছে, শিবিরগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”
ওই শিবিরগুলো থেকে সীমান্ত অতিক্রম করে জঙ্গিরা যেন কেনিয়ায় হামলা চালাতে না পারে, সে উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
যদিও আল-শাবাব কেনিয়ার বিমান হামলায় তাদের কোন শিবিরের ক্ষতি হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
আল শাবাবের সামরিক অভিযান সংক্রান্ত বিষয়ের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেন, “রোববারের বিমান হামলায় তাদের কোনো শিবিরের কোনো ক্ষতি হয়নি, কেনীয় বোমাগুলো কৃষিজমিতে বিস্ফোরিত হয়েছে।”
