সোমালিয়ায় আল শাবাবের দুটি শিবির ধ্বংস
সোমালিয়ায় আল শাবাবের দুটি শিবির ধ্বংস করার কথা জানিয়েছে কেনীয় বিমান বাহিনী।
সোমবার কেনীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ডেভিড ওবোনিয়ো এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে হামলা চালিয়ে ১৪৮ শিক্ষর্থীকে হত্যার প্রতিক্রিয়ায় রোববার রাতে আল শাবাবের শিবিরে বিমান হামলা চালায় কেনীয় বিমান বাহিনী।
তবে শিবির ধ্বংস হওয়ার কথা অস্বীকার করে বিমান বাহিনীর ছোঁড়া বোমা কৃষিজমিতে পড়েছে বলে দাবি করেছে আল শাবাব।
আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ হিসেবে সোমালিয়ার গেদো এলাকার ওই শিবিরগুলোতে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ওবোনিয়ো। ওই শিবিরগুলো থেকে সীমান্ত অতিক্রম করে জঙ্গিরা যেন কেনিয়ায় হামলা চালাতে না পারে, সেই উদ্দেশ্যে শিবিরটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমাদের বিমান থেকে তোলা ছবিতে দেখা গেছে, শিবিরগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”
মেঘের আচ্ছাদন থাকায় হামলায় মোট কতোজন হতাহত হয়েছেন তা নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
আল শাবাবের সামরিক অভিযান সংক্রান্ত বিষয়ের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রোববারের বিমান হামলায় তাদের কোনো শিবিরের কোনো ক্ষতি হয়নি, কেনীয় বোমাগুলো কৃষিজমিতে বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেন তিনি।
সোমালিয়ার প্রত্যন্ত এলাকা গেদো যাওয়াটা কঠিন হওয়ায় সেখানে চালানো কেনীয় বিমান হামলার বিষয়টি নিরপেক্ষ সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি।
দুই বছরে কেনিয়ার মাটিতে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সন্ত্রাসী হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
