২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ককপিটে পাইলটদের ঝগড়া

সহকারীকে ‘আঙ্কেল’ বলা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের দুই বৈমানিকের মধ্যে তুমুল বাক-বিতণ্ডার ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 10:45 AM

Updated : 25 Apr 2022, 01:13 PM

রোববার সন্ধ্যায় জয়পুর থেকে দিল্লিগামী ফ্লাইটটি ছাড়ার আগে উড়োজাহাজের ককপিটে ওঠার পর দুই পাইলট এ ঘটনা ঘটান।

এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান চালক (ক্যাপ্টেন) তার সহকারীকে ‘আঙ্কেল’ বলায় দুইজনের মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুজনকেই বিমান থেকে নামিয়ে আনা হয়।

অভিযোগে উঠেছে, ক্যাপ্টেন তার সহকারীকে বিমান উড্ডয়নের আগে নিয়মানুযায়ী যাত্রীদের সংখ্যা, উড্ডয়নকালীন ওজনসহ বিভিন্ন তথ্য লিখতে বলা নিয়ে ঘটনার সূত্রপাত হয়।

বিমানের প্রতিটি ফ্লাইট ছাড়া আগেই এসব তথ্য একটি কার্ডে লিখে ককপিটে সংরক্ষণ করা হয়।

পিটিআই জানিয়েছে, বয়সে অপেক্ষাকৃত তরুণ ক্যাপ্টেন তার সহকারীকে ‘আঙ্কেল’ সম্বোধন করে উড্ডয়ন পূর্ববর্তী কাজগুলো সারতে বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় এই বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, “সহকারী চালক বয়সে বড় ছিলেন। উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় তাকে ‘আঙ্কেল’ বলেছিলেন। এতে সহকারী চালক অপমানিত বোধ করে বিতর্কে জড়িয়ে পড়েন।”

তবে ককপিটে মারামারি নয়, দুই চালকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র।

তিনি বলেন, “পরে তারা বিষয়টি নিজেরা সুরাহা করে নিয়েছেন এবং এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

“আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা কার্যকর ব্যবস্থা নেব।”

২০০৭ সাল থেকে লোকসানে থাকা এয়ার ইন্ডিয়া কারিগরি সমস্যা, কর্মীদের দেরি করে ফ্লাইটে আসাসহ বিভিন্ন কারণে নানা সময় আলোচনায় এসেছে।