খাবার ও বিদ্যুৎ সঙ্কটে এডেন
গোলার আঘাতে বারবার কেঁপে উঠছে ইয়েমেনের বন্দর নগরী এডেন, চলছে প্রচণ্ড সংঘর্ষ। আর এ সংঘর্ষের মধ্যে খাবার, পানি ও বিদ্যুতের অভাবে মানবিক সঙ্কটে পড়েছে আটকে পড়া বেসামরিক মানুষেরা।
স্থানীয়রা রয়টার্সকে জানান, নগরের উপকণ্ঠে অবস্থান নেয়া একটি বিদেশি যুদ্ধজাহাজ থেকে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করা হচ্ছে।
রাস্তায় রাস্তায়ও যুদ্ধ চলছে। ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সর্বশেষ ঘাঁটি এডেন এখন হুতিদের দখলে।
হুতিদের আগ্রাসন রুখতে ১২ দিন ধরে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। কিন্তু এ অভিযান ব্যর্থ হওয়ার পর এডেনে মানবিক সঙ্কট দেখা দিয়েছে।
সারা দেশের সঙ্গে এডেনের যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে গেছে। যুদ্ধের কারণে ত্রাণ নিয়ে সেখানে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
জরুরি মানবিক ত্রাণ সহায়তা সরবরাহ ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার জন্য ইয়েমেনে সামরিক তৎপরতা বন্ধ রাখার আবেদন জানিয়েছে রাশিয়া ও রেড ক্রস।
বার্তা সংস্থা রয়টার্সকে রেডক্রস কর্তৃপক্ষ জানায়, শনিবার গভীর রাতে সৌদি আরবের পক্ষ থেকে ত্রাণ নিয়ে প্রবেশের অনুমতি পাওয়া গেলেও এখনো সেখানে ত্রাণ পাঠানো সম্ভব হয়নি। প্রায় ৪৮ টন ওষুধ নিয়ে একটি বিমান পাঠানোর ব্যবস্থা তারা করছে।
রেডক্রসের মুখপাত্র ম্যারি ক্ল্যাইরি ফেঘালি বলেন, “আমরা এখনো একটি বিমান পাওয়ার চেষ্টা করছি। বিমান পাওয়া কিছুটা জটিল। কারণ, খুব বেশি কোম্পানি বা পরিবহন বিমান স্বেচ্ছায় কোন যুদ্ধ-বিক্ষুব্ধ অঞলে উড়তে চায় না।”
“সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেন কর্তৃপক্ষের কাছ থেকে সুবজ সংকেত পাওয়ায় আমরা খুবই আশাবাদী। আশা করি আগামীকাল বা আগামী পরশু আমরা ৪৮ টন ওষুধ সরবরাহ করতে সক্ষম হব।”
ইয়েমেনের সর্বত্রই এখন খাবার, পানি ও বিদ্যুতের অভাব দেখা দিয়েছে। কিন্তু যুদ্ধের কারণে নৌ-পথে এডেনে প্রবেশ করা যাচ্ছে না। সড়ক পথও বন্ধ করে দেয়া হয়েছে।
ফাতিমা নামের একজন গৃহিনী তার ছোট শিশুকে নিয়ে হলুদ রঙের একটি খালি জার হাতে পানির সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
“পানি এবং বিদ্যুৎ ছাড়া আমরা কিভাবে বাঁচবো?” প্রশ্ন তাদের।
