২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান নেতা মোল্লা ওমরের জীবনী প্রকাশ 

তালেবান নেতা মোল্লা ওমরের জীবনী প্রকাশ করেছে আফগান তালেবান। আফগান তালেবানের সর্বোচ্চ নেতা হিসেবে ১৯ বছর পূর্ণ করেছেন মোল্লা ওমর। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 11:35 AM

Updated : 12 Oct 2022, 03:31 PM

জঙ্গি এই সংগঠনটির সর্বোচ্চ নেতা হিসেবে তার ১৯ বছরপূর্তি উপলক্ষ্যে জীবনীটি প্রকাশ করা হয়েছে বলে রোববার জানিয়েছে বিবিসি। 

৫,০০০ শব্দের এই জীবনীটি আফগান তালেবানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে ওমরের জীবনের বিস্তারিত তথ্য থাকায় তার জন্ম ও বেড়ে ওঠা নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। 

ওমর খুব সাধারণ জীবনযাপন করেন ও তার “বিশেষ” ধরনের কৌতুকবোধ আছে (সেন্স অব হিউমার) বলে জীবনীতে জানানো হয়েছে। তার প্রিয় অস্ত্র আরপিজি সেভেন।

মোল্লা ওমর কোথায় থাকেন তা কেউ না জানলেও তিনি সবসময় আফগানিস্তানের প্রতিদিনকার ও বিশ্বের সব ঘটনার খবরাখবর রাখেন বলে জীবনীতে দাবি করা হয়েছে। 

তালেবানের কার্যকলাপ পর্যবেক্ষণকারী ও বিশ্লেষকরা জন্ম ও উত্তরাধিকারের মতো মোল্লা ওমরের জীবনের অনেকগুলো বিষয়ে একমত হতে পারেননি। কিন্তু এই জীবনী সেইসব বিতর্কের অবসান ঘটিয়েছে। 

ওমর ১৯৬০ সালে কান্দাহার প্রদেশের খাকরেজ জেলার চাহ-ই-হিম্মাত গ্রামে জন্মগ্রহণ করেছেন বলে জীবনীটিতে বলা হয়েছে। তার পুরো নাম মোল্লা মোহাম্মদ উমর “মুজাহিদ” উল্লেখ করে তিনি হোটাক নৃগোষ্ঠীর তোমজি গোত্র থেকে এসেছেন বলে জানানো হয়েছে। 

তার বাবার নাম মৌলভি গুলাম নবি, যিনি একজন “শ্রদ্ধেয় পণ্ডিত এবং সামাজিক নেতা” ছিলেন। ওমরের জন্মের পাঁচ বছর পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর ওমরদের পরিবার উরুজগান প্রদেশে চলে যায়।  সোভিয়েত ইউনিয়নের সেনারা আফগানিস্তান দখল করে নিলে ওমর মাদ্রাসার পড়াশোনা ছেড়ে “ধর্মীয় দায়িত্ব” পালনে জিহাদিতে পরিণত হন। ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। এ সময় তিনি চারবার আহত হয়েছিলেন এবং তার ডান চোখ হারান। ১৯৯২ সালে আফগানিস্তানে কমিউনিস্ট শাসন অবসানের পর দেশটির যুদ্ধবাজ নেতারা “গোষ্ঠীগত হানাহানিতে” জড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ১৯৯৪ সালে ওমর দেশটির ইসলামি মুজাহিদদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং হানাহানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।  এরপর ১৯৯৬ সালে তাকে বিশ্বাসীদের নেতা বা “আমির-উল-মোমেনিন” খেতাব দেয়ার মাধ্যমে সর্বোচ্চ নেতা মনোনীত করা হয়।  এক অধ্যায়ে ওমরের “ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব” সম্পর্কে বলা হয়েছে, মোল্লা ওমর কখনোই বিচলিত হন না, কখনো মেজাজ হারান না, সাহসও হারান না। নিজের সহকর্মীদের চেয়ে কখনোই নিজেকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করেন না।  বিশেষ ধরনের কৌতুকবোধের অধিকারী এই মানুষটির নিজের কোনো বাড়ি নেই, বলার মতো কোনো সম্পদও নেই।  যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় মোল্লা ওমরকে ধরিয়ে দেয়ার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে।  ২০০১ সালে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান দখলের পর থেকে ওমরকে আর কখনো দেখা যায়নি।  আল কায়েদা নেতা ওসাম বিন লাদেনকে আফগানিস্তানে থেকে দল পরিচালনায় সব ধরনের সহযোগিতা করেছিলেন ওমর।  কোনো কোনো বিশ্লেষকের ধারণা মোল্লা ওমর আফগানিস্তানের পাকিস্তান সীমান্ত বরাবর অবস্থান করে বা পাকিস্তান সীমান্তের ভিতর থেকে দল পরিচালনা করছেন।