ক্যামেরনের জনসমর্থন বাড়ছে: জরিপ
যুক্তরাজ্যে আগামী মাসের নির্বাচনপূর্ব জরিপে বাড়তে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জনসমর্থন।
গত চার বছরের মধ্যে এবারই প্রথম তার জনপ্রিয়তায় ইতিবাচক ধারা পরিলক্ষিত হচ্ছে। রোববার প্রকাশিত জরিপের ফলে এ আভাসই পাওয়া গেছে।
এ সপ্তাহে গুরুত্বপূর্ণ একটি টিভি বিতর্কের পর ইউগভ/সানডে টাইমস পরিচালিত জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেয়া ৪৭ শতাংশ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে ক্যামেরনই ভাল করছেন বলে মত দিয়েছে। অন্যদিকে, এর বিপক্ষে মত দিয়েছেন ৪৬ শতাংশ মানুষ। ২০১১ সালের পর এটিই ক্যামেরনের পক্ষে প্রথম ইতিবাচক সমর্থন।
তবে ক্যামেরনের ব্যক্তিগত জনসমর্থনের কারণে তার কনজারভেটিভ পার্টির সমর্থনও যে বেড়েছে তা নয়। ফলে ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে কোন দল জয়ী হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বলেই মনে করা হচ্ছে।
বিরোধীদলীয় লেবার নেতা এড মিলিব্যান্ডের জনসমর্থনও বেড়েছে বলে দেখা গেছে ইউগভ জরিপে। তার পক্ষে মত দিয়েছে ৩৩ শতাংশ মানুষ। গত মাসে এ হার ছিল ৩০ শতাংশ।
