২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী তৎপরতার সন্দেহে ২ ব্রিটিশ আটক

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে সন্দেহে উত্তর ইংল্যান্ডে এক কিশোর ও এক কিশোরীকে আটক করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 10:35 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়, ১৪ বছর বয়সী কিশোরকে ব্ল্যাকবার্ন এবং ১৬ বছর বয়সী কিশোরীকে ম্যানচেস্টার থেকে যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার আটক করা হয়।

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে এবং উভয়ই ২৮ মে পর্যন্ত জামিন পেয়েছে।

এ সপ্তাহের শুরুতে নয় জন ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তুরস্কের নিরাপত্তা বাহিনী। তারা সিরিয়ায় প্রবেশ করার চেষ্টা করেছিল। তবে এই দুই কিশোর-কিশোরীকে আটকের সঙ্গে ওই ঘটনার কোন যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ।

গত বছর যুক্তরাজ্য সরকার সন্ত্রাসের হুমকির কারণে দেশে দ্বিতীয় সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করে। সেইসঙ্গে ইরাক ও সিরিয়ায় যুদ্ধ করে ফিরে আসা নাগরিকদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেয়।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ছয়শ ব্রিটিশ নাগরিক বিভিন্ন জঙ্গি সংগঠনের হয়ে যুদ্ধ করার জন্য সিরিয়া বা ইরাকে গিয়েছেন এবং তাদের প্রায় অর্ধেক আবার দেশে ফিরে এসেছেন।