২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সামরিক আদালতে ৬ ব্যক্তির মৃত্যুদণ্ড

পাকিস্তানের সামরিক আদালত ছয় ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের এই দণ্ড দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 01:04 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিরা গণহত্যা চালায়। ওই হামলায় ১৫০ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই শিশু।

ওই ঘটনার পর প্রথমবারের মতো এই রায় দেয়া হল।

পেশোয়ারের ওই হত্যাকাণ্ড পাকিস্তানসহ সারাবিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।

বিবিসি বলছে, পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছেন, চরমমাত্রায় সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকায় এই ছয় ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হবে।

তবে সপ্তম অপর একব্যক্তিকে সামরিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের নাম প্রকাশ করা হলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনোকিছু জানানো হয়নি।

অবশ্য দণ্ডিতরা রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

অবশ্য সেনাবাহিনীর কাছে এই বিচারিক ক্ষমতা দেয়ার সমালোচনাও হচ্ছে। সমালোচকদের অভিমত, এতে সন্দেহভাজনদের অধিকার ঝুঁকির মুখে পড়বে।

পাকিস্তানি কর্তৃপক্ষের বক্তব্য, এই আদালতের উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিচারে গতি আনা। পাশাপাশি এতে করে সংক্ষিপ্ত বিচার হবে এবং ভ্রান্ত ধারণার সৃষ্টি হতে পারার সতর্কতাও খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।

পেশোয়ার গণহত্যার পর দেশটির সেনা বাহিনীকে সন্ত্রাস ও বিদ্রোহী হামলা মোকাবিলায় এই ক্ষমতা দেয়া হয়েছে।

ওই ঘটনার পর মৃত্যুদণ্ডের ওপর প্রায় সাতবছর ধরে জারি থাকা নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ তুলে নেয় পাকিস্তান সরকার।

ফলে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই।