ইয়েমেনে বিমানঘাঁটি হাউথি বিদ্রোহীদের দখলে
ইয়েমেনে এডেন শহরের কাছে প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি দখল করেছে শিয়া হাউথি বিদ্রোহীরা।
বুধবার সকালে হাউথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ’য় দেশের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল-আনাদ ‘উদ্ধার’ করা হয়েছে বলে খবর প্রকাশ করা হয়।
পলাতক প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদির সমর্থকদের কাছ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি। বিমান ঘাঁটি দখলের কয়েক ঘণ্টা আগেই হাদি তার প্রাসাদ ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন বলে খবর প্রকাশ পেয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক উপদেষ্টারা গত সপ্তাহেই আল-আনাদ বিমান ঘাঁটি ত্যাগ করেছেন।
স্থানীয়রা জানান, বিদ্রোহীরা মিত্রবাহিনীর সহায়তায় বুধবার ভোরে ব্যাপক গোলাগুলির পর আল-আনাদ বিমান ঘাঁটি দখল করে। ঘাঁটিটি এডেন শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার উত্তরে।
হাদির সহকারীরা তাৎক্ষণিকভাবে তার এডেন ত্যাগ করার খবর অস্বীকার করেছেন। তারা জানান, প্রেসিডেন্ট এডেন ত্যাগ করেননি বা এমন কোন পরিকল্পনাও নেই। তিনি এডেনেরই একটি সুরক্ষিত স্থানে অবস্থান করছেন।
হাউথি বাহিনী হাদির নতুন ঘাঁটি বন্দর শহর এডেনের দিকে অগ্রসর হওয়ার পথে এ বিমান ঘাঁটি দখল করে। স্থানীয়রা রয়টার্সকে বলেন, বিমান ঘাঁটি দখলের পর হাউথি বাহিনী এডেন অভিমুখে প্রায় ৪০ কিলোমিটার অগ্রসর হয়েছে।
জানুয়ারিতে হাউথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলের পর প্রেসিডেন্ট হাদিকে বেশ কিছুদিন গৃহবন্দি করে রেখেছিল। গত মাসে হাদি সানা থেকে পালিয়ে এডেনে আশ্রয় নেন।
হাউথি বিদ্রোহীরা দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য পাঁচ সদস্যের ‘প্রেসিডেনশিয়াল কাউন্সিল’ গঠন করেছে।
