ইয়েমেনে মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার আইএসের
ইয়েমেনের রাজধানী সানায় দুটো মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এই হামলায় অন্ততপক্ষে ১৩৭ জন নিহত ও তিনশ’র বেশি মানুষ আহত হয়েছেন।
বিবিসি বলছে, ২০১৪ সালের নভেম্বরে ইয়েমেনে সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএস তাদের শাখা প্রতিষ্ঠার পর এই প্রথম হামলার দায় স্বীকার করল।
আক্রান্ত দুটি মসজিদেই জাইদি শিয়া নেতৃত্বাধীন হাউতি মুভমেন্টের সদস্যরা নামাজ পড়ে থাকে। মসজিদ দুটো তারাই নিয়ন্ত্রণ করে থাকে।
বদর এবং আল-হাসুস নামের দুটো মসজিদই মূলত শিয়া মুসলিম হাউথি গোষ্ঠীর। এ গোষ্ঠীটি ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণ দখল করেছে।
হাউথি পরিচালিত আল-মাসিরা টিভির প্রতিবেদনে সানা এবং সাদা’র হামলায় নিহতের সংখ্যা মোট ১৩৭ এবং আহতের সংখ্যা ৩৫০ উল্লেখ করা হয়েছে। তবে ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার জুমা নামাজে ৪ টি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১২০ উল্লেখ করেছে।
ইয়েমেনে আইএস এর গণমাধ্যম কার্যালয়ের একটি অনলাইন বার্তার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, “৫ আইএস যোদ্ধা বিস্ফোরক বেল্ট পরে ইয়েমেনে আত্মঘাতী অভিযান চালায়। ৪ জন যোদ্ধা যায় রাজধানী সানার বদর এবং হাসুস মসজিদের দুটো শিয়া হাউথি সদরদপ্তরে। আর পঞ্চমজন যায় সাদা প্রদেশের হাউথি ঘাঁটিতে।”
তিনি আরো জানান, প্রথম হামলাটি হয় বদর মসজিদের ভেতরে। আর দ্বিতীয় হামলাটি হয় হাসুস মসজিদের বাইরে তল্লাশিকেন্দ্রে।
নিহতদের মধ্যে বদর মসজিদের প্রধান ইমাম মুর্তাদা আল-মাহাদোয়ারি রয়েছেন বলে জানিয়েছে হাউথি আল-মাসিরা টিভি। ওদিকে, হাসুস মসজিদে হামলায় নিহত হন দুই হাউথি কমান্ডারও। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ার নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, সাদা প্রদেশে শুক্রবারের জুমার নামাজের সময় চালানো আত্মঘাতী হামলায় নিহত হয় কমপক্ষে ১৮ জন। দুটো পৃথক হামলায় আহত হয় আরো বহু মানুষ।
