২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত শতাধিক

ইয়েমেনের রাজধানী সানায় দুটো মসজিদসহ সাদা প্রদেশে  শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী হামলাকারীদের বোমা হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 06:30 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

আহত হয়েছে ৩শ’রও বেশি মানুষ।ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। ইয়েমেনে এটিই আইএস এর প্রথম হামলা।

বদর এবং আল-হাসুস নামের দুটো মসজিদই মূলত শিয়া মুসলিম হাউথি গোষ্ঠীর। এ গোষ্ঠীটি  ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণ দখল করেছে।

হাউথি পরিচালিত আল-মাসিরা টিভির প্রতিবেদনে সানা এবং সাদা’র হামলায় নিহতের সংখ্যা মোট ১৩৭ এবং আহতের সংখ্যা ৩৫০ উল্লেখ করা হয়েছে। তবে ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ৪ টি বোমা হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১২০ উল্লেখ করেছে।

ইয়েমেনে আইএস এর গণমাধ্যম কার্যালয়ের একটি অনলাইন বার্তার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, “৫ আইএস যোদ্ধা বিস্ফোরক বেল্ট পরে ইয়েমেনে আত্মঘাতী অভিযান চালায়। ৪ জন যোদ্ধা যায় রাজধানী সানার বদর এবং হাসুস মসজিদের দুটো শিয়া হাউথি সদরদপ্তরে। আর পঞ্চমজন যায় সাদা প্রদেশের হাউথি ঘাঁটিতে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা শিয়া হাউথি গোষ্ঠীর দুই মসজিদে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটালে নিহত হয় ১১৯ জন। নিহতদের বেশির ভাগই হাউথি গোষ্ঠীর সমর্থক।

তিনি আরো জানান, প্রথম হামলাটি হয় বদর মসজিদের ভেতরে। আর দ্বিতীয় হামলাটি হয় হাসুস মসজিদের বাইরে তল্লাশিকেন্দ্রে।

নিহতদের মধ্যে বদর মসজিদের প্রধান ইমাম মুর্তাদা আল-মাহাদোয়ারি রয়েছেন বলে জানিয়েছে হাউথি আল-মাসিরা টিভি। ওদিকে, হাসুস মসজিদে হামলায় নিহত হন দুই হাউথি কমান্ডারও। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ার নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, সাদা প্রদেশে শুক্রবারের জুমার নামাজের সময় চালানো আত্মঘাতী হামলায় নিহত হয় কমপক্ষে ১৮ জন। দুটো পৃথক হামলায় আহত হয় আরো বহু মানুষ।