২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যুটকেসে করে বউ পাচার!

ফ্রান্সের এক ব্যক্তি তার রুশ স্ত্রীকে বিশাল এক স্যুটকেসে ভরে নিজ দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন!

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 10:28 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

পোল্যান্ডের সীমান্তরক্ষীরা বেলারুশ সীমান্তবর্তী শহর তেরেসপলের রেলস্টেশন থেকে ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করে।

সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র দারিউজ সিয়েনিস্কি বলেন, স্যুটকেসের বিশাল আকৃতি দেখে কর্মকর্তাদের মনে সন্দেহের উদ্রেক হয়।

“তাদের হতবাক করে দিয়ে সেখান থেকে ৩০ বছর বয়সী এক নারী বেরিয়ে আসেন। যিনি স্যুটকেসের মালিকের রাশিয়ান স্ত্রী।”

ওই নারী জীবিত এবং ভাল আছেন। তার কোন চিকিৎসার প্রয়োজন হয়নি, জানান তিনি।

এই দম্পতি রাশিয়ার মস্কো থেকে ফ্রান্সের নিস শহরের উদ্দেশ্যে ট্রেনে চেপে যাত্রা শুরু করেছিলেন। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হলে তারা বেলারুশে ফিরে যান।

সিয়েনিস্কি জানান, এরকম উদ্ভট আচরণ না করেও ওই নারী চাইলে ‘শেংগেন ট্রাভেল জোনে’ (ইউরোপের ভিসামুক্ত এলাকা) প্রবেশ করতে পারতেন।

কারণ, ইউরোপীয় জোনের অন্তর্ভূক্ত নয় এমন দেশের নাগরিকরা ইউরোপীয় জোনের অন্তর্ভূক্ত কোন দেশের নাগরিকদের সঙ্গে তাদের বিয়ের প্রমাণপত্র ঠিকঠাকমত দেখাতে পারলে তাদের শেংগেন ট্রাভেল জোনে প্রবেশ করতে কোন অসুবিধা নেই।

এখন সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ওই দম্পতির তিন বছরের কারাদণ্ড হতে পারে।

সিয়েনিস্কি বলেন, “আমি এই প্রথম এভাবে কাউকে ভ্রমণ করতে দেখলাম। ওই নারী মানব পাচারের শিকারও হতে পারতেন।”