‘সিরিয়া বাহিনীর গ্যাস হামলায় নিহত ৬’
সিরিয়ার সরকারি বাহিনী দেশের উত্তরপশ্চিমাঞ্চলে বিষাক্ত গ্যাস হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করেছে বলে মঙ্গলবার জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
চিকিৎসাকর্মীরাও শ্বাসকষ্টে ভূগছে এমন কয়েকটি শিশুর ভিডিও পোস্ট করেছে।
ইদলিব প্রদেশের সারমিন গ্রামে এ বিষাক্ত গ্যাস হামলার খবরকে ‘প্রচারণা’ বলে উড়িয়ে দিয়েছেন সিরিয়ার সামরিক বাহিনীর এক সূত্র। তিনি বলেন, “আমরা এ ধরনের অস্ত্র ব্যবহার করিনি এটি নিশ্চিত। আর আমাদের তা ব্যবহার করার প্রয়োজনও নেই।”
দেশে ৪ বছরের যুদ্ধে সিরিয়া সরকার এর আগেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
ইদলিবের অন্যান্য এলাকায় রাতভর লড়াইয়ে বহু জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর একটি বিবৃতিতে।
ওদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কয়েকটি সূত্রের নেটওয়ার্কের বরাত দিয়ে বলেছে, নিহত ছয়জনের মধ্যে রয়েছে এক ব্যক্তি, তার স্ত্রী এবং তাদের তিন সন্তান।
চিকিৎসক সূত্রের উদ্ধৃতি দিয়ে অবজারভেটরি জানায়, সোমবার সন্ধ্যায় ব্যারেল বোমা এবং রাসায়নিক গ্যাস হামলায় তাদের মৃত্যু হয়েছে। এটি খুব সম্ভবত ক্লোরিন গ্যাস।
হামলায় আরো বহু মানুষ আহতও হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। তবে রয়টার্স নিরপেক্ষ সূত্রে এ তথ্য যাচাই করতে পারেনি।
