দশ দিন পর জনসম্মুখে পুতিন
সব গুজবে পানি ঢেলে দৃশ্যপটে অবতীর্ণ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার সেন্ট পিটারসবার্গে কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
৫ মার্চের পর এই প্রথম জনসম্মুখে দেখা গেল পুতিনকে। নিজের অসুস্থতা এমনকি মৃত্যুর গুজব ছড়িয়ে পড়া নিয়ে কৌতুক করতে ছাড়েননি বিশ্বের ক্ষমতাধর এই নেতা।
সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকরে পুতিন বলেন, “গুজব ছাড়া জীবন ম্যাড়মেড়ে হয়ে পড়বে।”
পুতিনের সঙ্গে বৈঠক সম্পর্কে আতামবায়েভ টুইটারে লেখেন, “কিছুদূর ঘুরে বেড়ানোর জন্য তিনি (পুতিন) আমাকে তার গাড়িতে তুলে নেন। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। আমরা কিছুদূর ঘুরে বেড়ালাম। আমি নিশ্চিত হয়ে বলতে পারি তিনি খুবই খোশ মেজাজে আছেন।”
রাশিয়ার টিভি নিউজ চ্যানেল ওই বৈঠকে পুতিনের বক্তব্যের কিছু অংশের ভিডিও ফুটেজ প্রকাশ করে। যদিও ভিডিওতে কোন আওয়াজ ছিল না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আতামবায়েভের সঙ্গে বৈঠকের জন্য সুবিধাজনক স্থান হিসেবে সেন্ট পিটারসবার্গকে বেছে নেয়া হয়।” আতামবায়েভের মেয়ে এখানেই পড়াশুনা করেন।
“দুই নেতা এক সঙ্গে প্রায় ২০ মিনিট গাড়িতে ঘুরে বেড়ান। পুতিন আতামবায়েভকে দেখিয়েছেন স্ট্রেলনিয়া কতটা সুন্দর জায়গা।”
কিরগিজস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে পুতিন রাশিয়ার নৌবাহিনীকে আর্কটিক মহাসাগরে পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।
কর্মকর্তারা জানান, নৌবাহিনীর সামরিক মহড়ায় ৫৬টি যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এবং ৩৮ হাজার নৌ সেনা অংশ নেবে।
