পাকিস্তানে গির্জায় বোমা বিস্ফোরণে নিহত ১৫
পাকিস্তানের লাহোর শহরে দুটি গির্জার সামনে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
রোববারের প্রার্থনার সময় ঘটা এসব বিস্ফোরণে আরো ৭৮ জন আহত হয়েছে। এর মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে ডাক্তারি প্রতিবেদনে।
তেহরিক-ই-তালেবাননের শাখা জামাত-উল-আহরার বোমা হামলার দায় স্বীকার করেছে।
বোমা বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা। টিভি ফুটেজে ছড়িহাতে ক্ষুব্ধ লোকজনকে শহরের মেট্রো বাস টার্মিনালে ভাঙচুর চালাতে দেখা গেছে। এদের বেশিরভাগই খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
বিক্ষুদ্ধরা একটি দোকানের কাছে আহত দুইজন পুলিশকে আটক করে রেখেছে। বোমা হামলার সময় তারা কাজ না করে ক্রিটেক খেলা দেখায় মত্ত ছিল বলে অভিযোগ করেছে তারা।
হামলাটি আত্মঘাতী বোমা হামলাকারীরা চালিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশ খবরটি নিশ্চিত করতে পারেনি। বোমা হামলাকারীরা গির্জার প্রবেশপথে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লাহোরের খ্রিস্টান অধ্যুষিত এলাকায় একটি ক্যাথলিক ও একটি প্রটেষ্টান্ট গির্জার সামনে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণ দুটি ঘটানো হয়। গির্জা দুটি খুব কাছাকাছি অবস্থিত। গির্জাগুলো লক্ষ্য করেই বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয় বলে মনে করছেপুলিশ।
বিস্ফোরণের পর দুজন সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা করে এলাকার উত্তেজিত বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী আমির মাসিহ বলেছেন, “আমি গির্জার কাছে একটি দোকানে বসে ছিলাম। তখনই বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠে।”
“আমি ঘটনাস্থলের কাছে এগিয়ে গিয়ে দেখি, গির্জায় প্রবেশের চেষ্টারত এক ব্যক্তির সঙ্গে ধস্তাধ্বস্তি করছে ওই নিরাপত্তারক্ষী, তারা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটায়।”
“আমি দেখলাম, ওর শরীরের অংশগুলো বাতাসে উড়ছে,” বলেন আমির।
এই বিস্ফোরণে ওই নিরাপত্তারক্ষীও নিহত হন। প্রথম বোমাটির বিস্ফোরণও আত্মঘাতী ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি আমির।
