ব্রাজিলে বাস দুর্ঘটনায় অর্ধশতাধিক নিহতের শঙ্কা
ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ের খাদে পড়ে অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধার কর্মীরা।
শনিবার রাতে দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাটারিনা রাজ্যের পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাশের স্টেট পারানা থেকে আসা বাসটি গন্তব্য জয়েনভিল শহরে পৌঁছানোর ১০ কিলোমিটার আগে দুর্ঘটনায় পড়ে।
বিবিসি জানিয়েছে, একটি মোড় ঘুরতে গিয়ে ৪০০ মিটার (১৩০০ ফুট) গভীর গিরিখাতে বনের মধ্যে পড়ে যায় বাসটি।
এ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। পরে উদ্ধার কর্মীরা বলেছেন, আরো অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।
ওই বাসে ৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়ে বিবিসি।
দুর্ঘটনা কবলিত বাসটি থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাকেই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারের একজন মুখপাত্র।
